TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইইউর সীমান্ত ব্যবস্থায় বিপাকে ব্রিটিশ পর্যটকঃ ৯০ দিনের বেশি অবস্থানে ইতালি থেকে বহিষ্কার

স্বামীর ৬০তম জন্মদিন উদযাপন করতে যুক্তরাজ্য থেকে ইতালিতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়েছেন এক ব্রিটিশ নারী। ইতালির রেজিও ক্যালাব্রিয়ায় পৌঁছানোর পরপরই তাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। পরে একটি বিমানবন্দরে নিয়ে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয় তাকে।

ভুক্তভোগী নারীর নাম পলা পিউ। তিনি যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে রায়ানএয়ারের একটি ফ্লাইটে ইতালিতে পৌঁছেছিলেন। কিন্তু বিমান থেকে নামার পরই সীমান্ত কর্মকর্তারা তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন। কর্মকর্তাদের অভিযোগ, তিনি শেনজেন অঞ্চলে অনুমোদিত ৯০ দিনের অবস্থানসীমা অতিক্রম করেছেন।

তবে পলার দাবি, তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে ইতালিতে এসেছেন। তার আগের যাত্রায় শেনজেন অঞ্চল ত্যাগের তথ্য ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রবেশ-প্রস্থান ব্যবস্থার (ইইএস) যন্ত্রে সঠিকভাবে রেকর্ড হয়নি। ফলে কম্পিউটার ব্যবস্থায় তাকে ৯০ দিনের বেশি অবস্থানকারী হিসেবে শনাক্ত করা হয়।

নিজের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানান, যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে আসার বিষয়টি যাচাই করলেই ভুলটি স্পষ্ট হওয়ার কথা। কিন্তু সীমান্ত কর্মকর্তারা যন্ত্রের তথ্য সংশোধন করতে রাজি হননি।

এরপর কর্মকর্তারা তাকে পুলিশের গাড়িতে তুলে নিরাপত্তাকর্মীদের পাহারায় নিকটবর্তী এমন একটি বিমানবন্দরে নিয়ে যান, যেখান থেকে যুক্তরাজ্যে ফেরার ফ্লাইট পাওয়া যাচ্ছিল।

ভ্রমণবিষয়ক বিশেষজ্ঞ সাইমন ক্যাল্ডার তার পডকাস্টে ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, অন্য যাত্রীদের সামনেই পলাকে বিমানে তুলে দেওয়া হয়। তার ভাষায়, পলার কোনো অন্যায় না থাকা সত্ত্বেও তাকে বিমানে তুলে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ক্যাল্ডারের বর্ণনা অনুযায়ী, কর্মকর্তারা পলার পাসপোর্ট সরাসরি বিমানের ক্যাপ্টেনের হাতে তুলে দেন। এরপর তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়।

জোরপূর্বক ফেরত পাঠানোর ফ্লাইটের জন্যও পলার কাছ থেকে অর্থ নিয়েছে রায়ানএয়ার বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ব্যাখ্যা জানতে ইতালির একাধিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য মিরর

এমকে

আরো পড়ুন

এআইয়ের ‘ভুল তথ্যে’ আশ্রয় আবেদন প্রত্যাখ্যানঃ হোম অফিসের বিরুদ্ধে বিস্ফোরক পর্যবেক্ষণ উচ্চ আদালতের

যুক্তরাজ্যে ফেসবুকের স্পার্ম ডোনার গ্রুপে ভয়ংকর ফাঁদঃ প্রতারণার অভিযোগ

কনজারভেটিভের অভিবাসন নীতি দাঙ্গাকে উসকে দিয়েছেঃ সমতা কমিটি