TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অভিবাসন নিয়ে ব্যাপক ভুল ধারণাঃ প্রকৃত তথ্য জানেন মাত্র ২ শতাংশ মানুষ

ব্রিটেনে অভিবাসনের প্রকৃত চিত্র সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভুল ধারণা রয়েছে। নেট মাইগ্রেশন, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীর সংখ্যা, শরণার্থীদের অবস্থান এবং আশ্রয়প্রার্থীদের সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অধিকাংশ মানুষের ধারণার সঙ্গে বাস্তব পরিসংখ্যানের বড় ধরনের পার্থক্য পাওয়া গেছে।
লন্ডনের কিংস কলেজের (কেসিএল) পলিসি ইনস্টিটিউটের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ইউগভের মাধ্যমে যুক্তরাজ্যের ১ হাজার ৮২৭ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি পরিচালনা করা হয়। ‘মিস্টেকেন ব্রিটেন’ গবেষণা সিরিজের অংশ হিসেবে এই জরিপ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে কমেছে—এই সঠিক তথ্যটি জানেন মাত্র ৫০ জনে একজন। অন্যদিকে, প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৩ শতাংশ মানুষ ভুলভাবে মনে করেন, এই সময়ে অভিবাসীর সংখ্যা বেড়েছে।
বাস্তবে ওই সময়ে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন ৬ লাখ ৪৯ হাজার থেকে কমে ২ লাখ ১৯ হাজারে নেমে আসে। অর্থাৎ এক বছরে নেট মাইগ্রেশন কমেছে প্রায় ৬৬ শতাংশ।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের সংখ্যা নিয়েও মানুষের ধারণায় বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে। জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ মানুষ মনে করেন, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ছোট নৌকায় আসা অভিবাসীর সংখ্যা ৩০ শতাংশ বা তার বেশি বেড়েছে। অথচ প্রকৃত বৃদ্ধির হার ছিল ১৩ শতাংশ।
শরণার্থী গ্রহণের ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান সম্পর্কেও অধিকাংশ মানুষের ধারণা ভুল। যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে—এমন প্রশ্নে ৪৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাজ্য প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে। অথচ ২০২৫ সালের হিসাবে এই পাঁচটি দেশের মধ্যে যুক্তরাজ্যে শরণার্থীর সংখ্যা ছিল সবচেয়ে কম।
একইভাবে বিদেশে জন্ম নেওয়া মানুষের অনুপাতের ক্ষেত্রেও যুক্তরাজ্য সম্পর্কে অতিরঞ্জিত ধারণা রয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও ফ্রান্সের মধ্যে ৪৮ শতাংশ মানুষ মনে করেন, বিদেশে জন্ম নেওয়া মানুষের অনুপাতের দিক থেকে যুক্তরাজ্য প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে রয়েছে। বাস্তবে এই তালিকায় যুক্তরাজ্যের অবস্থান জার্মানির সঙ্গে যৌথভাবে পঞ্চম।
আশ্রয়প্রার্থীদের সরকারি সুযোগ-সুবিধা নিয়েও ভুল ধারণা রয়েছে। জরিপে অংশ নেওয়া অর্ধেক মানুষ মনে করেন, আশ্রয়ের আবেদন মঞ্জুর হলে তারা বিনা মূল্যে সরকারি বাসস্থান পান। কিন্তু বাস্তবে শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া আবাসন ছেড়ে যেতে হয়।
রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতেও অভিবাসন নিয়ে মানুষের ধারণায় পার্থক্য দেখা গেছে। রিফর্ম ইউকে দলের সমর্থকদের মধ্যে ৫৭ শতাংশ ভুলভাবে মনে করেন, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে, গ্রিন পার্টি, লিবারেল ডেমোক্র্যাট ও লেবার পার্টির সমর্থকদের একটি অংশ আশ্রয়প্রার্থীরা আবেদন প্রক্রিয়া চলাকালে বিনা মূল্যে এনএইচএস ও দাঁতের চিকিৎসাসেবা পেতে পারেন—এই তথ্য সম্পর্কে কম অবগত ছিলেন।
কিংস কলেজ লন্ডনের পলিসি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ববি ডাফি বলেন, অভিবাসন বর্তমানে ব্রিটিশ জনগণের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু অভিবাসন সম্পর্কে মানুষের কল্পিত চিত্রের সঙ্গে বাস্তবতার প্রায়ই মিল থাকে না।
তিনি বলেন, ভুল ধারণার পেছনে শুধু তথ্যের অভাব নয়, মানুষের উদ্বেগ, রাজনৈতিক পরিচয় এবং মূল্যবোধও কাজ করে। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনীতিবিদদের বক্তব্য মানুষের অভিবাসনসংক্রান্ত ধারণাকে প্রভাবিত করে। অনেক সময় নেতিবাচক বিষয়গুলো বেশি গুরুত্ব পাওয়ায় বাস্তবতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়।
অধ্যাপক ডাফি আরও বলেন, ভুল ধারণা সংশোধন করলেই অভিবাসন নিয়ে মানুষের উদ্বেগ বা রাজনৈতিক অবস্থান পরিবর্তিত হবে—এমন নিশ্চয়তা নেই। তবে অভিবাসনের বাস্তব চিত্র তুলে ধরার প্রচেষ্টা বন্ধ করাও ঠিক হবে না। অভিবাসন নিয়ে প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু তথ্যের ক্ষেত্রে নিজস্ব সত্য তৈরি করার সুযোগ নেই।
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার কত শতাংশ বিদেশে জন্মগ্রহণ করেছেন, সে বিষয়ে সাধারণ মানুষের ধারণা তুলনামূলকভাবে সঠিক। জরিপে মধ্যম অনুমান ছিল ১৮ শতাংশ। সরকারি পরিসংখ্যানের সর্বশেষ বিশ্লেষণে এই হার ১৮ দশমিক ৯ শতাংশ।
তবে কিছু ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতিকে কম করে অনুমান করেছেন উত্তরদাতারা। ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া শিশুদের প্রায় ৩৯ দশমিক ৫ শতাংশের অন্তত একজন অভিভাবক যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছেন। অথচ জরিপে অংশ নেওয়া মানুষ এই হার ২০ থেকে ৩০ শতাংশ বলে অনুমান করেছেন।
গবেষণায় আরও উঠে এসেছে, ব্রিটেনের ৪৩ শতাংশ মানুষ অভিবাসন অনেক বেশি কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ বাস্তব পরিসংখ্যান সম্পর্কে ভুল ধারণা থাকলেও অভিবাসন কমানোর পক্ষে জনমতের একটি উল্লেখযোগ্য অংশ এখনো অবস্থান করছে।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে খুচরা বিক্রি লকডাউনের চেয়েও কম

মুসলিমরা যুক্তরাজ্যে, ‘অন্ধকার ও বিপর্যস্ত’ ,পরিবেশের মুখোমুখি হচ্ছেনঃ থিঙ্কট্যাঙ্ক প্রধান

বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্যঃঅ্যামনেস্টি