বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের গরুর মাংস রপ্তানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিক পর্যায়ে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, সীমিত পরিসরে আমদানি শুরু হলে বাংলাদেশের খাদ্যবাজারে এই মাংসের চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা সম্ভব হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত এই প্রস্তাব তুলে ধরেন।
পোস্টে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের রাজধানী ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। তার ভাষ্য অনুযায়ী, উন্নত মানের গরুর মাংসের জন্য আইওয়ার পরিচিতি রয়েছে। ফলে এর গুণমানই ভোক্তাদের কাছে পণ্যটির গ্রহণযোগ্যতা তুলে ধরতে সক্ষম হবে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে এই মাংসের বাজার সম্প্রসারণের উদ্যোগ খুব সহজ একটি পদক্ষেপের মাধ্যমে শুরু করা যেতে পারে। প্রথমে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে বাজারের প্রকৃত চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পরবর্তী সময়ে ভোক্তাদের আগ্রহ ও বাজারের চাহিদার ভিত্তিতে আমদানির পরিসর নির্ধারণ করা সম্ভব হবে।
তার মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের মাংসের চাহিদা তৈরি হতে পারে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্যের নতুন একটি ক্ষেত্র তৈরি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের আমদানিকারক, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের মাংসের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হতে পারে।
সূত্রঃ ইউএস এম্বেসী ঢাকা\ স্যোশাল মিডিয়া
এমকে

