TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভর্তির সুযোগ পেয়েও ভিসা বন্ধঃ হতাশায় ভেঙে পড়েছেন আফগান নারীরা

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও ভিসা স্থগিতের কারণে দেশটিতে যেতে পারছেন না আফগান নারীরা। ব্রিটিশ সরকারের ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তাব ও বৃত্তি পাওয়ার সম্ভাবনা হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন তারা। তালেবান সরকারের শিক্ষা ও কর্মসংস্থানসংক্রান্ত বিধিনিষেধের মধ্যে নতুন করে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলেও যুক্তরাজ্যে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেক নারী।
বিবিসির দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানবিষয়ক সংবাদদাতা যোগিতা লিমায়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় তিনটি হলো সাসেক্স, ব্র্যাডফোর্ড এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডন। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত চেভেনিং বৃত্তির জন্য সাক্ষাৎকারের আমন্ত্রণও পেয়েছিলেন তিনি।
কিন্তু গত মার্চে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানসহ চারটি দেশের নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা স্থগিতের ঘোষণা দেয়। অন্য দেশগুলো হলো ক্যামেরুন, মিয়ানমার ও সুদান। একই সঙ্গে আফগান নাগরিকদের জন্য দক্ষ কর্মী ভিসাও স্থগিত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এসব ভিসার অপব্যবহার এবং সংশ্লিষ্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে আশ্রয় প্রার্থনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেছিলেন, যুক্তরাজ্যের উদারতার সুযোগ নিতে চাওয়া এসব দেশের নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর শাহিরা একটি ইমেইল পান। সেখানে তাকে জানানো হয়, আফগানিস্তানের নাগরিক হওয়ায় যুক্তরাজ্যে পড়াশোনার জন্য তাকে আর বিবেচনা করা হবে না।
শাহিরা বলেন, খবরটি পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছেন। তার ভাষায়, এটি শুধু শিক্ষার সুযোগ হারানোর বিষয় ছিল না; বরং নিজের পেশাগত জীবন আবার শুরু করা এবং ভবিষ্যৎ গড়ে তোলার সম্ভাবনাও হারিয়েছেন তিনি।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের আরেক নারী শিক্ষার্থী আলিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নিরাপত্তার কারণে তার প্রকৃত নাম প্রকাশ করেনি বিবিসি। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর তার ভর্তির প্রস্তাব প্রত্যাহার করা হয়।
আলিয়া বলেন, শুধু আফগান নারী হওয়ার কারণে তার জীবনের সব সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তালেবান সরকারের মতো করে আফগান নারীদের বিচার করা উচিত নয়। তাদের সরকার শিক্ষা থেকে বঞ্চিত করেছে, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ পেতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এমনিতেই কঠিন। তবে আফগান নারীদের ক্ষেত্রে বাধা আরও বেশি।
তালেবানের নিষেধাজ্ঞা অমান্য করে ইংরেজি ভাষার পরীক্ষার প্রস্তুতি নিতে আলিয়াকে গোপনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছিল। পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির সন্ধান পেয়ে সেটি বন্ধ করে দেয়। এরপর কানাডার একজন শিক্ষকের সহায়তায় অনলাইনে পড়াশোনা চালিয়ে যান তিনি।
ইংরেজি ভাষার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় তাদের। শাহিরার ভাষ্য অনুযায়ী, তালেবান সরকারের বিধিনিষেধের কারণে অনেক অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হতো না। এ ছাড়া আফগানিস্তানের ডিগ্রি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রহণযোগ্য করানোর বিষয়টিও ছিল বড় চ্যালেঞ্জ।
প্রস্তুতির সময় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি নিয়েও উদ্বেগে ছিলেন তারা।
ভিসার আবেদন জমা দিতেও অনেক আফগান শিক্ষার্থীকে প্রতিবেশী দেশে যেতে হয়। কিন্তু সেসব দেশেও আফগান নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানিয়েছে, শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের পুনর্বাসন কর্মসূচি আবার চালু করা হচ্ছে। এর আওতায় আফগান নারী ও মেয়েরাও সুযোগ পাবেন। পাশাপাশি শরণার্থীদের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্পনসরশিপ এবং শিক্ষার মাধ্যমে যুক্তরাজ্যে আসার নিরাপদ পথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে শাহিরা ও আলিয়ার মতো যারা শরণার্থী হিসেবে স্বীকৃত নন, আফগানিস্তানে অবস্থানরত এমন নারীরা এসব কর্মসূচির আওতায় আসতে পারবেন কি না, সে বিষয়ে বিবিসির নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফগানদের জন্য মোট কতটি সুযোগ রাখা হবে, সেটিও স্পষ্ট করা হয়নি।
যুক্তরাজ্যের উচ্চশিক্ষা পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশটির ছয় লাখ ৮০ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে আফগানিস্তানের শিক্ষার্থী ছিলেন ৪০০ জনেরও কম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আফগান নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা ছিল ইস্যু করা শিক্ষার্থী ভিসার ৯৫ শতাংশের সমান। এই পরিস্থিতি মোকাবিলা এবং আশ্রয় ব্যবস্থার ওপর চাপ কমাতেই ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে সরকারের বক্তব্য।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, ২০২৪ সালে যুক্তরাজ্যে আসা আফগান শিক্ষার্থী জয়নাব রেজাই পরে আশ্রয়ের আবেদন করেছিলেন। বর্তমানে তিনি এক্সেটার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিষয়ে পিএইচডি করছেন।
জয়নাব জানান, পড়াশোনা শেষ হওয়ার পর চাকরি না পেলে কিংবা অন্য ভিসায় পরিবর্তন করতে না পারলে তাকে তালেবানশাসিত আফগানিস্তানে ফিরে যেতে হতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি আশ্রয়ের আবেদন করেন। সেখানে নিজের পড়াশোনার বিষয়ে কাজ করার সুযোগও সীমিত হয়ে পড়বে বলে মনে করেছিলেন তিনি।
তার ভাষায়, যুক্তরাজ্যে থাকার সবচেয়ে বড় পার্থক্য হলো, এখানে তিনি নিজের ঘরে বন্দি নন। প্রতিদিন বাইরে যাওয়া, হাঁটাহাঁটি করা কিংবা প্রয়োজনীয় জিনিস কেনার স্বাধীনতা রয়েছে। আফগানিস্তানে নারীদের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে অনেক হিসাব করতে হয়।
তবে তিনি জানান, আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাজ্যে বসবাস করা তার পছন্দের সিদ্ধান্ত ছিল না। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন সমাজে একা জীবন গড়ে তোলাও কঠিন।
আফগান নারীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর অন্য দেশগুলোও যদি একই ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগও ক্রমেই সংকুচিত হয়ে পড়বে। তাদের মতে, তালেবানের বিধিনিষেধে দেশে শিক্ষার সুযোগ হারানোর পর এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও সহযোগিতা পাওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে।
সূত্রঃ বিবিসি
এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইসলামিক সামার ক্যাম্পে শিশুদের ‘জিহাদি আদর্শে’ গড়ার অভিযোগে বিতর্ক

ইরানের হুমকিতে পিছু হটবে না ব্রিটেনঃ ‘যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত’—প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে পরপর ৩ বাংলাদেশি খুনের ঘটনায় কম্যুনিটিতে আতঙ্ক

অনলাইন ডেস্ক