TV3 BANGLA
বাংলাদেশ

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব’: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং

বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তার এমন বক্তব্যে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। সেখানে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

এমন মন্তব্যের মধ্যেই বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হলে তাকে ‘হাতকড়া পরিয়ে বন্দি অবস্থায়’ এবং কঠোর নজরদারির মধ্যে ফিরতে হবে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন—এমন খবরও নাকচ করেন তিনি। হুমায়ুন কবির বলেন, ‘ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়।’

তিনি আরও বলেন, একজন সন্ত্রাসীকে প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া অন্য কোনো উপায়ে দেশে ফিরতে দেওয়া হবে না।

এর আগে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান। এ জন্য তিনি ঢাকার প্রশাসনের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

মোজাম্মেল আলীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবারও তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একই ধরনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান সরবরাহের দাবিকে ‘পাগলামি ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তবে তার ফেরার জন্য বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নিলে তিনি ভারতে চলে যান।

পরবর্তী সময়ে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি বছরের আগস্টে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ইচ্ছার কথা প্রথম জানান শেখ হাসিনা। এরপর বিভিন্ন সাক্ষাৎকারেও একই পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে তার আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবরও প্রকাশিত হয়।

ঢাকা একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। অন্যদিকে, নয়াদিল্লি জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এমকে

আরো পড়ুন

দ্বিতীয় দফা জাতীয় লকডাউনের খুব কাছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব

বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম