17.1 C
London
October 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ৮ মাসের শিশুকন্যার রহস্যজনক মৃত্যুঃ হাসপাতালে ভর্তি নারী গ্রেপ্তার

ব্রিটেনের ক্যামব্রিজশায়ারের ক্যামবর্নে আট মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শনিবার সকালে অক্সফোর্ড ওয়ের একটি বাড়িতে এক নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জরুরি পরিষেবা। পরে শিশুটির মৃত্যু ঘিরে সন্দেহজনক পরিস্থিতির তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে ওই নারী ও শিশুকন্যার সুস্থতা ও নিরাপত্তা যাচাইয়ের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়।

পরে নারী ও শিশুকন্যা দুজনকেই ক্যামব্রিজের অ্যাডেনব্রুকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই নারীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটির তদন্ত করছে বেডফোর্ডশায়ার, ক্যামব্রিজশায়ার ও হার্টফোর্ডশায়ারের গুরুতর অপরাধ দমন ইউনিট। শিশুকন্যার মৃত্যুকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

এখন পর্যন্ত শিশুকন্যার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা ঘটনার বিস্তারিত পরিস্থিতি প্রকাশ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য-ফ্রান্সে ’ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তিঃ ফ্রান্সে ফেরত যাবে অবৈধ প্রবেশকারীরা

উইন্ডসর ক্যাসেল: এক হাজার বছরের ক্ষমতা, ঐতিহ্য ও ব্রিটিশ রাজকীয়তার জীবন্ত প্রতীক

শিশুদের জন্য ‘অ্যাপ কারফিউ’ ভাবছে যুক্তরাজ্য সরকার