16.3 C
London
October 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে উত্তেজনাঃ প্রশ্নবাণে জর্জরিত

নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির একটি ভিডিও স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওর তথ্যানুযায়ী, কয়েকজন বাঙালি তাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, পুলিশের মৃত্যু এবং গণতন্ত্রের প্রশ্নে জবাবদিহি করতে বলেন।

ভিডিওতে দেখা যায়, ড. ইউনূস তখন হুইলচেয়ারে বসা ছিলেন এবং তার সঙ্গে ছিলেন লামিয়া মোর্শেদ। এ সময় দুই ব্যক্তিকে তার পেছনে পেছনে প্রশ্ন করতে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। উক্ত পরিস্থিতিতে ড. ইউনূসকে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে।

পরে হুইলচেয়ারে করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলে ওই ব্যক্তিরা বাইরে আটকে পড়েন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার গঠন করেন।

ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মতভেদ রয়েছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থকরা তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

অন্যদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি, সংস্কারের প্রতিশ্রুতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগের কারণে বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল।

২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে ৬৯ শতাংশ উত্তরদাতা ড. ইউনূসের কাজের প্রতি ইতিবাচক মূল্যায়ন জানিয়েছিলেন। তবে তার প্রতি জনসমর্থন সর্বজনীন ছিল না; তার সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষ ও সমালোচনাও ছিল।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

ফেসবুকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আইনি নোটিশ

এবার আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শঃ প্রধান উপদেষ্টা