TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যমজদের আলাদা করতে হিমশিম খাচ্ছে ইইউর সীমান্ত প্রযুক্তিঃ বিমানবন্দরে দীর্ঘ বিলম্বের আশঙ্কা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা এন্ট্রি/এক্সিট সিস্টেম (EES) অভিন্ন যমজদের ক্ষেত্রে গুরুতর জটিলতার সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও যমজ পরিবারের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, মুখ শনাক্তকরণ প্রযুক্তি অনেক সময় অভিন্ন যমজদের আলাদা ব্যক্তি হিসেবে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে, যার ফলে ভুল পরিচয়, অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং সীমান্ত পারাপারে ভোগান্তির ঝুঁকি বাড়ছে।

এপ্রিল মাসে চালু হওয়া EES-এর লক্ষ্য হলো প্রচলিত পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে ভ্রমণকারীদের ছবি, আঙুলের ছাপ এবং পাসপোর্টের তথ্য সংরক্ষণ করে একটি বায়োমেট্রিকভিত্তিক ডিজিটাল ডাটাবেস তৈরি করা। তবে এই ব্যবস্থা চালুর পর থেকেই ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং ফ্লাইট বিলম্বের ঘটনা সামনে এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন টুইনস ট্রাস্ট-এর প্রচারবিষয়ক প্রধান ভিক্টোরিয়া মোরেল, যিনি নিজেও দুই জোড়া অভিন্ন যমজ সন্তানের মা, বলেন, মুখ শনাক্তকরণ প্রযুক্তি প্রায়ই তার সন্তানদের একই ব্যক্তি হিসেবে শনাক্ত করে। বিমানবন্দরে ভ্রমণের সময় এক সন্তানের স্ক্যান সম্পন্ন হওয়ার পর অন্যজনকে স্ক্যান করতে গেলে সিস্টেম জানায়, ওই ব্যক্তি ইতোমধ্যেই নিবন্ধিত। মানুষের চোখে তারা আলাদা হলেও প্রযুক্তি সেই পার্থক্য ধরতে পারে না।

তার দুই জোড়া ছেলে—১৩ বছর বয়সী সেভে ও অরেলিও এবং ৮ বছর বয়সী নিকো ও রাফায়েল—এখনও এতটাই একরকম দেখতে যে তারা একে অপরের মুখ ব্যবহার করে মোবাইল ফোন আনলক করতে পারে। এমনকি স্কুলে খাবারের মূল্য পরিশোধের জন্য ব্যবহৃত মুখ শনাক্তকরণ ব্যবস্থাও তাদের আলাদা করে শনাক্ত করতে ব্যর্থ হয়।

ভিক্টোরিয়া মোরেলের ভাষায়, প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, এই সমস্যাও তত বাড়ছে। চিকিৎসকের চেম্বার থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল সেবায় একই জন্মতারিখ ও একই পদবির কারণে তাদের সন্তানদের নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

এ ধরনের সমস্যার বাস্তব উদাহরণও ইতোমধ্যে সামনে এসেছে। চলতি বছরের এপ্রিল মাসে এক ব্রিটিশ নারী রোমানিয়ার সীমান্ত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। কর্তৃপক্ষের দাবি ছিল, তিনি অবৈধভাবে শেনজেন অঞ্চলে অবস্থান করছেন, কারণ তার আমস্টারডাম ত্যাগের কোনো রেকর্ড নেই। পরে জানা যায়, তিনি কখনও আমস্টারডামে যাননি; সেখানে ভ্রমণ করেছিলেন তার অভিন্ন যমজ বোন। এই ঘটনাটি নতুন সীমান্ত ব্যবস্থায় মুখ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

টুইনস ট্রাস্টের মুখপাত্র রাফি কুপার বলেন, মুখ শনাক্তকরণ প্রযুক্তি শুধু সীমান্ত কর্তৃপক্ষের জন্য নয়, অভিন্ন যমজদের পরিবারগুলোর জন্যও বাস্তব সমস্যার কারণ হয়ে উঠছে। তিনি প্রযুক্তি উন্নয়ন ও নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যমজদেরও স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বিবেচনা করে প্রযুক্তিগত ব্যবস্থা উন্নত করা উচিত।

অবশ্য ইউরোপীয় কমিশন জানিয়েছে, শেনজেন অঞ্চলে প্রথমবার প্রবেশের সময় ভ্রমণকারীদের শুধু মুখের ছবি নয়, আঙুলের ছাপ, পাসপোর্টের তথ্য এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যও সংগ্রহ করা হয়। কমিশনের দাবি, এসব তথ্য একত্রে ব্যবহার করেই প্রতিটি ভ্রমণকারীকে পৃথকভাবে শনাক্ত করার ব্যবস্থা রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) সতর্ক করেছে, গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুমে EES-এর কারণে সীমান্তে অপেক্ষার সময় ছয় ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে। একই সঙ্গে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার পর স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বর্তমানে ইউরোপজুড়ে প্রায় ১ হাজার ৭০০টি সীমান্ত পারাপার কেন্দ্রে EES কার্যকর রয়েছে। যদিও অতিরিক্ত ভিড় এড়াতে প্রয়োজনে সাময়িকভাবে বায়োমেট্রিক পরীক্ষা স্থগিত রাখার সুযোগ রয়েছে, বাস্তবে সব সীমান্তে সেই ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে না।

ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উপনির্বাহী পরিচালক উকু সারেকান্নো সম্প্রতি এক সম্মেলনে বলেন, নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে। তার ভাষায়, সবচেয়ে বেশি সময় লাগে প্রথমবার নিবন্ধনের সময়, যখন যাত্রীর আঙুলের ছাপ ও মুখের ছবি সংগ্রহ করা হয়। তবে একবার নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তী তিন বছরের মধ্যে পুনরায় ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের দ্রুত সীমান্ত পার হওয়ার সুযোগ থাকবে।

বিশেষজ্ঞদের মতে, বায়োমেট্রিক প্রযুক্তি সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে অভিন্ন যমজদের মতো বিশেষ ক্ষেত্রে প্রযুক্তির নির্ভুলতা নিশ্চিত না করা গেলে ভুল পরিচয়, অপ্রয়োজনীয় হয়রানি এবং ভ্রমণকারীদের দুর্ভোগ আরও বাড়তে পারে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

লন্ডনের মেয়র পদে এগিয়ে সাদিক খানঃ চতুর্থ মেয়াদের সম্ভাবনা জোরালো

ব্রিটিশ পাসপোর্টে আসছে রাজা চার্লসের নতুন প্রতীক, ডিসেম্বর থেকে চালু নতুন ডিজাইন

যুক্তরাজ্যের মসজিদে মুসলমানদের প্রতি ইসলামবিদ্বেষী হামলাঃ হামলাকারী গ্রেপ্তার