যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মিডল্যান্ডসের উলভারহ্যাম্পটনে একটি ডিপিডি ডিপোতে অভিযান চালিয়েছে হোম অফিস। অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ১৮ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার উলভারহ্যাম্পটনের ডাডলি পোর্ট এলাকায় ডিপিডির একটি স্থাপনায় এই অভিযান পরিচালনা করা হয়। হোম অফিসের কর্মকর্তারা সেখানে কর্মরত শ্রমিকদের অভিবাসন-সংক্রান্ত অবস্থান এবং যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অনুমতি রয়েছে কি না, তা যাচাই করেন।
অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একটি ‘সিভিল পেনাল্টি রেফারাল নোটিশ’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মীদের নিয়োগের আগে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় ‘রাইট টু ওয়ার্ক’ যাচাই করেছে কি না, তা নিয়ে আরও তদন্তের সুযোগ তৈরি হয়েছে।
হোম অফিসের তদন্তে যদি প্রমাণিত হয় যে ডিপিডি এমন ব্যক্তিদের নিয়োগ দিয়েছে, যাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি ছিল না এবং নিয়োগের আগে প্রয়োজনীয় যাচাই করা হয়নি, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করা হতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথমবার এ ধরনের আইন ভঙ্গ প্রমাণিত হলে অবৈধভাবে কর্মরত প্রত্যেক ব্যক্তির জন্য সর্বোচ্চ ৪৫ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। একই ধরনের অপরাধ পুনরায় ঘটলে প্রতি কর্মীর জন্য জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে।
এ ছাড়া গুরুতর ক্ষেত্রে শুধু আর্থিক জরিমানার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নাও থাকতে পারে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হতে পারে।
হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবৈধ কর্মসংস্থান বন্ধ করতে সরকার নিয়োগদাতাদের দায়িত্ব পালনের বিষয়টি আরও কঠোরভাবে যাচাই করছে।
এই অভিযানকে যুক্তরাজ্যে অবৈধ কর্মসংস্থান এবং অভিবাসন আইন ভঙ্গের বিরুদ্ধে হোম অফিসের চলমান কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ যুক্তরাজ্যের হোম অফিস
এমকে

