TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে আগস্টজুড়ে শিশুদের জন্য ফ্রি বাস ভ্রমণঃ খাবার-সিনেমা-থিম পার্কেও মিলছে বিশেষ ছাড়

স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমাতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। আজ (১ আগস্ট) থেকে আগস্ট মাসজুড়ে দেশের অধিকাংশ স্থানীয় বাসে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। সরকারের ‘গ্রেট ব্রিটিশ সামার সেভিংস স্কিম’-এর আওতায় চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (DfT) জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুরা আগেই বিনা ভাড়ায় বাসে চলাচলের সুবিধা পেত। নতুন কর্মসূচির ফলে আগস্ট মাসজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদেরও স্থানীয় অধিকাংশ বাসে কোনো ভাড়া দিতে হবে না। এতে প্রতিটি বাসযাত্রায় প্রতি শিশুর গড়ে ১ থেকে ২ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হবে।

সরকার বলছে, স্কুল বন্ধ থাকাকালে পরিবারগুলো যাতে স্বল্প খরচে ভ্রমণ ও বিনোদনের সুযোগ পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা নিয়ে পরিবারগুলো দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা ও বিনোদন পার্কে সহজে যেতে পারবে। উল্লেখযোগ্য গন্তব্যগুলোর মধ্যে রয়েছে ইয়র্ক ডানজিয়ন, উইন্ডসর ক্যাসেল এবং লেস্টারের ন্যাশনাল স্পেস সেন্টার।

শুধু পরিবহন নয়, সরকারের গ্রীষ্মকালীন সাশ্রয় কর্মসূচির আওতায় শিশুদের খাবার, রেস্তোরাঁর শিশুদের মেনু, সিনেমা, থিয়েটার, কনসার্ট ও প্রদর্শনীর টিকিট এবং থিম পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর ও বিভিন্ন পারিবারিক বিনোদনকেন্দ্রের টিকিটেও ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই মূল্যছাড় স্বয়ংক্রিয়ভাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছরের শুরু থেকে সব যাত্রীর জন্য বাস ভাড়ার সর্বোচ্চ সীমা আবারও ২ পাউন্ডে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সীমা ৩ পাউন্ড।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলো যেন কম খরচে একসঙ্গে সময় কাটাতে পারে, সে লক্ষ্যেই শিশুদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ এবং বিভিন্ন বিনোদনমূলক খাতে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তার ভাষায়, এই উদ্যোগ শুধু গ্রীষ্মকালেই নয়, আগামী বছরের ২ পাউন্ড বাসভাড়া সীমাও সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যয় কমাতে সহায়তা করবে।

এ ছাড়া সরকার পরিবারগুলোকে অনলাইনে আগাম টিকিট বুকিং, বিভিন্ন ডিসকাউন্ট কোড, সুপারমার্কেটের লয়্যালটি স্কিম, মোবাইল অপারেটর ও ব্যাংকের বিশেষ অফার ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কেলগসের মতো কিছু সিরিয়াল ব্র্যান্ডের ‘টু-ফর-ওয়ান’ ও ‘ফ্রি চাইল্ড এন্ট্রি’ অফারের সুবিধাও কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে সরকারের এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব পরিবার সন্তানদের নিয়ে ভ্রমণ বা বিনোদনের পরিকল্পনা করছেন, তাদের জন্য আগস্ট মাসজুড়ে বিনামূল্যে বাস ভ্রমণ ও বিভিন্ন খাতে মূল্যছাড় বাস্তবিক অর্থেই বড় ধরনের সাশ্রয়ের সুযোগ তৈরি করবে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কাউন্টি ডারহামের পর সান্ডারল্যান্ডেও শরণার্থী বাসস্থানের উদ্যোগে স্থগিতাদেশ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ছেলের হত্যার অস্ত্র লুকাতে সহায়তাঃ তিন বছরের কারাদণ্ড পেলেন খুনির মা

নিউজ ডেস্ক

ব্রিটেনে অবৈধ অভিবাসী দিয়ে মাদক উৎপাদনঃ ধরা পড়ল ক্যানাবিস ফার্ম