TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে উচ্চ রক্তচাপের রোগীরা সপ্তাহে পেতে পারেন ১৯৪.৬০ পাউন্ডঃ তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত

যুক্তরাজ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে বছরে সর্বোচ্চ ১০ হাজার ১১৯ পাউন্ড ২০ পেনি পর্যন্ত ব্যক্তিগত প্রতিবন্ধিতা ভাতা (পিআইপি) পেতে পারেন। তবে শুধু উচ্চ রক্তচাপের রোগনির্ণয় থাকলেই এই ভাতা পাওয়া যাবে না। রোগটি দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরায় কতটা প্রভাব ফেলছে, তার ওপর নির্ভর করবে ভাতা পাওয়ার যোগ্যতা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস–এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) পরিচালিত এই ভাতা দীর্ঘমেয়াদি শারীরিক বা মানসিক স্বাস্থ্যসমস্যা কিংবা প্রতিবন্ধিতার কারণে দৈনন্দিন কাজ অথবা চলাফেরায় অসুবিধায় থাকা ব্যক্তিদের অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা করে।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি সাধারণ স্বাস্থ্যসমস্যা, বিশেষ করে বয়স্কদের মধ্যে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, এই রোগ থেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ না থাকায় আক্রান্ত ব্যক্তি বুঝতেও পারেন না যে তার উচ্চ রক্তচাপ রয়েছে। তবে কারও কারও মাথাব্যথা, ঝাপসা দৃষ্টি ও বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, পিআইপির দুটি অংশ রয়েছে—দৈনন্দিন জীবনযাপনের সহায়তা এবং চলাফেরার সহায়তা। প্রথমটি ব্যক্তিগত পরিচর্যা, রান্না ও অন্যান্য দৈনন্দিন কাজ করার সক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হয়। দ্বিতীয়টি নির্ভর করে চলাফেরা ও যাতায়াতের ক্ষেত্রে ব্যক্তির কী ধরনের অসুবিধা হচ্ছে, তার ওপর।

২০২৬-২৭ অর্থবছরের নির্ধারিত হারে দৈনন্দিন জীবনযাপনের অংশে সর্বনিম্ন ভাতা সপ্তাহে ৭৬.৭০ পাউন্ড এবং সর্বোচ্চ ১১৪.৬০ পাউন্ড। চলাফেরার অংশে সর্বনিম্ন ভাতা সপ্তাহে ৩০.৩০ পাউন্ড এবং সর্বোচ্চ ৮০ পাউন্ড।

কেউ যদি উভয় অংশেই সর্বোচ্চ হারে ভাতা পাওয়ার যোগ্য হন, তাহলে সপ্তাহে মোট ১৯৪.৬০ পাউন্ড পাবেন। ৫২ সপ্তাহের হিসাবে বছরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ১১৯.২০ পাউন্ড। তবে ভাতার হার নিয়মিত পর্যালোচনা করা হয় এবং প্রতিবছর বাড়তে পারে।

সাধারণ নিয়মে ১৬ বছর বা তার বেশি বয়সী এবং রাষ্ট্রীয় পেনশনের বয়সসীমার নিচে থাকা ব্যক্তিরা পিআইপির জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে প্রমাণ করতে হবে, তার শারীরিক বা মানসিক স্বাস্থ্যসমস্যার কারণে দৈনন্দিন কাজ অথবা চলাফেরায় উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে এবং সমস্যাগুলো শুরুর পর থেকে অন্তত ১২ মাস স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে এমন ১ হাজার ৬৮৪টি ক্ষেত্রে উচ্চ রক্তচাপকে প্রধান অক্ষমতাসৃষ্টিকারী স্বাস্থ্যসমস্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা দৈনন্দিন জীবনযাপন ও চলাফেরা—উভয় অংশেই সর্বোচ্চ হারে পিআইপি পাচ্ছিলেন।

তবে ভাতা অনুমোদনের সিদ্ধান্ত নেয় ডিডব্লিউপি। এ ক্ষেত্রে স্বাধীন চিকিৎসা মূল্যায়নসহ আবেদনকারীর বাস্তব পরিস্থিতি বিবেচনা করা হয়। তাই উচ্চ রক্তচাপ রয়েছে বলেই স্বয়ংক্রিয়ভাবে ভাতা মিলবে—এমন নয়।

স্কটল্যান্ডে পিআইপির পরিবর্তে প্রাপ্তবয়স্কদের প্রতিবন্ধিতা ভাতা (এডিপি) চালু রয়েছে। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডেও পিআইপি রয়েছে, যদিও সেখানে প্রশাসনিক ব্যবস্থা আলাদা।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে

ব্রিটেনের ১০০ বছরের ইতিহাসে উষ্ণতম মাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ চায় ৮০০ আইন বিশেষজ্ঞ