ব্রিটেনের ওয়েলসে ডেলিভারু খাবার সরবরাহকারীর ছদ্মবেশে মাদক কারবারের অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রকাশ করা বডি-ক্যামেরা ফুটেজে দেখা গেছে, সন্দেহজনকভাবে রাস্তায় লেনদেনের সময় তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পুলিশের বরাতে জিবি নিউজ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম নাহরো ঘারিব। তার বাড়ি কার্ডিফের সিনকয়েড এলাকায়। অভিযোগ অনুযায়ী, মাদক সরবরাহের সময় পরিচয় গোপন রাখতে তিনি ডেলিভারু কুরিয়ারের পোশাক ব্যবহার করছিলেন।
সাউথ ওয়েলস পুলিশের প্রকাশ করা ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা তাকে থামানোর পর তিনি দাবি করেন, তার ই-বাইকটি বৈধ। তিনি পুলিশকে বলেন, “এটি বৈধ বাইক, আমি ঈশ্বরের কসম করে বলছি।” এরপর তিনি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে দ্রুত আটক করেন।
আটকের পর তার সঙ্গে থাকা খাবার সরবরাহের থার্মাল ব্যাগ তল্লাশি করা হয়। পুলিশ জানায়, ব্যাগের ভেতরে একটি বড় দইয়ের পাত্রের মধ্যে লুকানো অবস্থায় বেশ কয়েকটি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। ব্যাগের অন্য একটি অংশ থেকে উদ্ধার করা হয় কোকেন।
পুলিশের পরীক্ষায় ঘারিব যে ই-বাইকটি ব্যবহার করছিলেন, সেটিও অবৈধ বলে প্রমাণিত হয়। কর্মকর্তাদের দাবি, বাইকটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৯ দশমিক ২ মাইল গতিতে চলতে পারত। অথচ এ ধরনের বৈদ্যুতিক বাইকের জন্য যুক্তরাজ্যে বৈধ সর্বোচ্চ গতি ১৫ দশমিক ৫ মাইল প্রতি ঘণ্টা।
মামলাটি নিউপোর্ট ক্রাউন কোর্টে গড়ায়। সেখানে ঘারিব পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে সরবরাহের উদ্দেশ্যে কোকেন রাখা, সরবরাহের উদ্দেশ্যে গাঁজা রাখা, গাঁজা সরবরাহ, অপরাধলব্ধ নগদ অর্থ অর্জন ও রাখার অভিযোগ এবং তৃতীয় পক্ষের বীমা ছাড়া জনসাধারণের সড়কে মোটরযান চালানো।
আদালত তাকে ২০ মাসের কারাদণ্ড দেয়। একই সঙ্গে ১৭ মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর টিম আরসেল অবৈধ ই-বাইক ও ই-স্কুটার ব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, বেআইনি ব্যবহারের কারণে পথচারী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীরা গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন। তিনি জনগণকে আইন মেনে নিরাপদ ও বৈধ যানবাহন ব্যবহারের আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে কার্ডিফ ও আশপাশের এলাকায় অবৈধ ই-বাইক ও ই-স্কুটারসহ প্রায় ৮০০টি অবৈধভাবে চালিত যান্ত্রিক যান জব্দ করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের ৩ জুলাই কার্ডিফ কাউন্সিলের সঙ্গে যৌথ অভিযানে একদিনেই ৬৮টি অবৈধ বাইক ও স্কুটার জব্দ করা হয়।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

