বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী আনিসা খান ইংল্যান্ডের নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন তিনি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৪টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অধিনায়ক হওয়ার খবর জানান আনিসা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি।’ নতুন এই দায়িত্ব পেয়ে গর্বিত বলেও জানান তিনি।
আনিসা জানান, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি ক্লাবে যোগ দেওয়ার সময় খেলাটি সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না বললেই চলে। একেবারে নতুন খেলোয়াড় হিসেবে শুরু করে একদিন জাতীয় দলের অধিনায়ক হবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি।
যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা আনিসার কাবাডির যাত্রা শুরু বিশ্ববিদ্যালয়জীবনে। পরবর্তী সময়ে নিজের দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ডের নারী জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৪ সালের ইউরোপীয় বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ড দলের হয়ে খেলেছিলেন তিনি।
খেলাধুলার পাশাপাশি শিক্ষাজীবন ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও সাফল্য অর্জন করেছেন আনিসা। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করেন।
কোভিড-১৯ মহামারির সময় উদ্যোক্তা হওয়ার আগ্রহ থেকে তিনি ‘বোম্বে পিৎজা’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠা করেন। ২০২৫ সালে বিবিসি ওয়ানের ব্যবসাভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে যুক্তরাজ্যে আরও পরিচিতি পান আনিসা। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের কাছ থেকে আড়াই লাখ পাউন্ড বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় তিনি রানারআপ হন।
ব্যবসা ও পেশাগত ব্যস্ততার মধ্যেও কাবাডির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন আনিসা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘জীবন আমাকে নানা দিকে নিয়ে গেছে, কিন্তু কাবাডি সব সময় আমার সঙ্গে ছিল।’
আনিসার পারিবারিক শিকড় বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরবর্তী সময়ে তিনি রেস্তোরাঁ ও আবাসন খাতে ব্যবসা গড়ে তোলেন। তিনি এশিয়ান কারি অ্যাওয়ার্ডসেরও প্রতিষ্ঠাতা।
বাংলাদেশের মৌলভীবাজারের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকা আনিসার ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হওয়া প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় তার নেতৃত্বে ইংল্যান্ড দল কেমন পারফরম্যান্স করে, এখন সেদিকেই থাকবে ক্রীড়াপ্রেমীদের নজর।
সূত্রঃ ডেইলি ওয়াদা\ স্যোশাল মিডিয়া
এমকে

