TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বুটস ফার্মেসিতে মিলবে প্রেসক্রিপশনে গাঁজা

যুক্তরাজ্যের জনপ্রিয় ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান বুটস এবার প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সরবরাহ করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির হাইস্ট্রিট ফার্মেসিগুলোর মধ্যে প্রথম প্রতিষ্ঠান হিসেবে বেসরকারিভাবে মেডিকেল ক্যানাবিস প্রেসক্রিপশন দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বুটসের অনলাইনভিত্তিক ‘সিউরলিফ’ (SureLeaf) সেবার আওতায় ২৫ বছরের বেশি বয়সীরা এই চিকিৎসা নিতে পারবেন। দীর্ঘমেয়াদি ব্যথা, অনিদ্রা এবং সাধারণ উদ্বেগজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য সেবাটি চালু করা হচ্ছে।

তবে চাইলেই যে কেউ এই চিকিৎসা নিতে পারবেন না। রোগীদের আগে প্রচলিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করতে হবে। সেসব চিকিৎসায় পর্যাপ্ত উপকার না পেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল ক্যানাবিস দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

বুটস জানিয়েছে, রোগীদের সঙ্গে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা যাচাই করবেন। প্রয়োজন অনুযায়ী ২৮ দিনের জন্য গাঁজার ফুল বা তেল প্রেসক্রাইব করা হতে পারে। চিকিৎসার পুরো সময় রোগীর ওষুধের মাত্রা ও শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।

এ ছাড়া যাদের সাইকোসিস বা গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস রয়েছে, তাদের বিশেষভাবে যাচাই করা হবে। চিকিৎসার জন্য অনুপযুক্ত বিবেচিত হলে তাদের প্রেসক্রিপশন দেওয়া হবে না।

প্রতিবেদন অনুযায়ী, এই চিকিৎসার সর্বনিম্ন মাত্রার জন্য খরচ পড়বে প্রায় ৪০ পাউন্ডের কিছু কম। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ হাজার ৫০০ টাকার কাছাকাছি।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএসের তথ্য অনুযায়ী, দেশটির প্রাপ্তবয়স্কদের প্রায় ২৬ শতাংশ দীর্ঘমেয়াদি ব্যথায় ভুগছেন। অন্যদিকে দীর্ঘস্থায়ী অনিদ্রায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি। এসব রোগীর একটি অংশ প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত উপকার না পাওয়ায় বিকল্প চিকিৎসার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

বুটসের প্রধান স্বাস্থ্যসেবা কর্মকর্তা জেমি কেরুইশ বলেন, দীর্ঘদিন ধরে ব্যথায় ভোগা লাখ লাখ মানুষের জন্য প্রচলিত চিকিৎসা সব সময় পর্যাপ্ত উপশম দিতে পারে না। এতে তাদের দৈনন্দিন জীবন, কর্মক্ষমতা, ঘুম এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও বলেন, মেডিকেল ক্যানাবিস একটি বিশেষায়িত চিকিৎসাব্যবস্থা। সিউরলিফ সেবার মাধ্যমে উপযুক্ত রোগীদের জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে আরেকটি চিকিৎসার সুযোগ তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে গাঁজা এখনো ক্লাস বি মাদক হিসেবে শ্রেণিবদ্ধ। তবে ২০১৮ সালে নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশনের মাধ্যমে মেডিকেল ক্যানাবিস ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এটি সাধারণভাবে গাঁজা কেনাবেচা বা বিনোদনমূলক ব্যবহারের বৈধতা নয়।

সম্প্রতি কানাডাভিত্তিক হোল্ডিং কোম্পানি হুইটিংটন ইনভেস্টমেন্টসের মাধ্যমে বুটসের মালিকানা পরিবর্তন হয়েছে। কানাডায় ২০০১ সাল থেকে মেডিকেল ক্যানাবিস ব্যবহারের সুযোগ রয়েছে এবং ২০১৮ সালে বিনোদনমূলক গাঁজার বাজারও বৈধ করা হয়।

সূত্রঃ এলবিসি

এমকে

আরো পড়ুন

ব্রিটেনে সন্তান গাড়ি চালানো শুরু করলেই বছরে বাড়তি ৫২৫ পাউন্ড খরচ হচ্ছে অভিভাবকদের

শিশুদের স্বাস্থ্যে লাগাম টানতে জাঙ্ক ফুড বিজ্ঞাপনে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় চরম অকার্যকারিতা ও অর্থ অপচয়ঃ এনএও’র কঠোর সমালোচনা