17.1 C
London
October 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বাজার খরচ কমাতে ‘গ্রোসারি কর’ বাতিলের ঘোষণা কনজারভেটিভ পার্টির

যুক্তরাজ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাড়তি খরচ কমাতে প্যাকেজিংয়ের ওপর আরোপিত একটি কর বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে কনজারভেটিভ পার্টি। দলটি বলছে, পরবর্তী নির্বাচনে ক্ষমতায় এলে তারা ‘এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি’ বা ইপিআর শুল্ক বাতিল করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনকের নেতৃত্বাধীন দলটি এই করকে ‘গ্রোসারি কর’ হিসেবে উল্লেখ করছে। তাদের দাবি, প্যাকেজিংয়ের জন্য ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ফলে সাপ্তাহিক বাজারের খরচ বাড়ছে।

ইপিআর ব্যবস্থার আওতায় পণ্য উৎপাদনকারী ও বিক্রেতাদের তাদের ব্যবহৃত প্যাকেজিংয়ের জন্য অর্থ দিতে হয়। প্লাস্টিকে মোড়ানো পণ্যের ক্ষেত্রে কাগজ বা কার্ডবোর্ডের প্যাকেজিংয়ের তুলনায় বেশি খরচ পড়ছে। পরিবেশগত লক্ষ্য ও পুনর্ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হলেও এর প্রভাব খাদ্যপণ্যের দামে পড়ছে বলে সমালোচনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইপিআর ব্যবস্থার মোট ব্যয় প্রায় ১৬০ কোটি পাউন্ড। এর বড় অংশই শেষ পর্যন্ত পণ্যের দামের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। সরকারি প্রভাব মূল্যায়নে আগে ধারণা করা হয়েছিল, এই নীতির কারণে একটি গড় পরিবারের বছরে প্রায় ৪৮ পাউন্ড অতিরিক্ত গ্রোসারি খরচ হতে পারে।

ব্যাংক অব ইংল্যান্ডের হিসাব অনুযায়ী, গত বছর এই ব্যবস্থা খাদ্য মূল্যস্ফীতিতে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট যোগ করেছে।

কনজারভেটিভ পার্টির নতুন ছায়া অর্থমন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিথ দলীয় সম্মেলনে ইপিআর শুল্ক বাতিলের পরিকল্পনা তুলে ধরবেন। ব্যবসার ওপর নিয়ন্ত্রণ ও অতিরিক্ত খরচ কমানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হবে।

কনজারভেটিভদের দাবি, ইপিআর শুল্কের কারণে শুধু খাদ্যপণ্যের দামই বাড়ছে না, ব্যবসার ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে প্যাকেজিং, খাদ্য ও পানীয় এবং পানশালা ব্যবসার ওপর এর প্রভাব পড়ছে।

ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের প্রধান নির্বাহী হেলেন ডিকিনসন কনজারভেটিভদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তার দাবি, প্যাকেজিংয়ের খরচ ব্যাপকভাবে বেড়েছে এবং একই উপকরণ পুনর্ব্যবহারের জন্য উৎপাদকদের একাধিক ধরনের কর দিতে হচ্ছে। এর ফলে পণ্যের দাম বাড়ছে এবং নতুন কর্মী নিয়োগেও বাধা তৈরি হচ্ছে।

ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফেডারেশনের প্রধান নির্বাহী কারেন বেটসও ইপিআরসহ বিভিন্ন শুল্কের সমালোচনা করেছেন। তার মতে, এসব অতিরিক্ত ব্যয় খাদ্য ও পানীয় উৎপাদনের খরচ বাড়িয়ে দিচ্ছে, যার প্রভাব দোকানের দামে পড়ছে। একই সঙ্গে যুক্তরাজ্যের খাদ্য উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহও কমতে পারে।

প্যাকেজিং উৎপাদনকারী প্রতিষ্ঠান লোটানের পরিচালক সুখজিৎ বিরাহ বলেন, কনজারভেটিভ পার্টি ব্যবসাগুলোর উদ্বেগ সরাসরি শুনেছে এবং সরকারে ফিরতে পারলে এই ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে।

ইপিআর থেকে পাওয়া অর্থ স্থানীয় কাউন্সিলগুলোকে দেওয়া হয়। তবে সমালোচকদের অভিযোগ, এই অর্থ পরিবেশগত কাজে ব্যয় করতেই হবে—এমন বাধ্যবাধকতা নেই। ফলে করের অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

পানশালা ব্যবসাতেও এই শুল্কের প্রভাব পড়ছে। কারণ অনেক পানীয় কাচের বোতলে সরবরাহ করা হয় এবং এসব প্যাকেজিংয়ের জন্য ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।

এদিকে আগামী বছর যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়িয়ে যেতে পারে—এমন সতর্কতার মধ্যেই কনজারভেটিভ পার্টি এই ঘোষণা দিয়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় কমানোকে সামনে রেখে দলটির অর্থনৈতিক পরিকল্পনায় কর ও ব্যবসায়িক ব্যয় কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্য কি এবার লকডাউন এড়াতে পারবে?

অনলাইন ডেস্ক

ব্রিটেনে অবৈধ অভিবাসী দিয়ে মাদক উৎপাদনঃ ধরা পড়ল ক্যানাবিস ফার্ম

যুক্তরাজ্যে লেবার সরকারের জাতীয় কেয়ার সার্ভিস চালুর পরিকল্পনা