12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সবচেয়ে সস্তা খুচরা বিক্রেতা অ্যামাজন ফ্রেশঃ পেছনে ফেলেছে টেসকো-আলদিকে

যুক্তরাজ্যে সাপ্তাহিক বাজার করার ক্ষেত্রে সবচেয়ে সস্তা অনলাইন বিকল্প হিসেবে উঠে এসেছে অ্যামাজন ফ্রেশ। ৩৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনা করে দেখা গেছে, অন্য খুচরা বিক্রেতাদের তুলনায় অ্যামাজন ফ্রেশে বাজার করতে খরচ কম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে অ্যামাজন ফ্রেশ থেকে ৩৩টি পণ্যের একটি নির্দিষ্ট ঝুড়ি কিনতে খরচ হয়েছে ৭১.৫২ পাউন্ড। এক বছর আগের তুলনায় এই খরচ ১৬.৯ শতাংশ কম। তুলনামূলকভাবে, দ্বিতীয় অবস্থানে থাকা অনলাইন সুপারমার্কেট ওকাডোতে একই ঝুড়ির দাম ছিল ৮১.০২ পাউন্ড।

তালিকায় সবচেয়ে ব্যয়বহুল সুপারমার্কেট হিসেবে উঠে এসেছে ওয়েটরোজ। সেখানে একই পণ্যের ঝুড়ি কিনতে খরচ হয়েছে ৯৮.৬৯ পাউন্ড। অন্যদিকে, আসডায় খরচ হয়েছে ৮১.৮৬ পাউন্ড এবং সেইন্সবারিজে ৮২.০৬ পাউন্ড। টেসকোতে একই ঝুড়ির দাম ছিল ৮৪.৩৪ পাউন্ড, আর মরিসনসে ৮৭.৭২ পাউন্ড।

দামের তুলনায় দেখা গেছে, অ্যামাজন ফ্রেশ ৩৩টি পণ্যের মধ্যে ২৫টির ক্ষেত্রে বাজারে পাওয়া সর্বনিম্ন দামের সঙ্গে মিল রেখেছে। পাশাপাশি সুগার স্ন্যাপ মটরশুঁটি ও সাকলা ব্র্যান্ডের পেস্টোর ক্ষেত্রে তাদের দাম অন্যদের চেয়ে কম ছিল। অন্যদিকে, টেসকোতে কফি ও ক্যাথেড্রাল সিটি ব্র্যান্ডের চেডার চিজের দাম সবচেয়ে কম পাওয়া গেছে।

তবে কম দামের এই চিত্রের মধ্যেও যুক্তরাজ্যে সুপারমার্কেটের পণ্যমূল্যস্ফীতি বেড়েছে। ওয়ার্ল্ডপ্যানেল বাই নিউমেরেটরের নতুন তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় সুপারমার্কেটের পণ্যের তাকের দাম গড়ে ২.৫ শতাংশ বেশি। এর আগে এই হার ছিল ২.৩ শতাংশ।

ওয়ার্ল্ডপ্যানেলের খুচরা বাজার ও ভোক্তা বিশ্লেষণ বিভাগের প্রধান ফ্রেজার ম্যাককেভিট বলেন, শরৎকালীন বাজেট ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। গাড়িতে জ্বালানি ভরার খরচও পরিবারের বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, অর্থমন্ত্রী বাজেটে কী পরিকল্পনা ঘোষণা করেন, তা স্পষ্ট না হওয়া পর্যন্ত ক্রেতারা সতর্কভাবে খরচ করবেন বলে ধারণা করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে তারা ছাড় ও বিশেষ অফারের ওপর আরও বেশি নির্ভর করছেন।

এদিকে, যুক্তরাজ্যের মুদি পণ্যের বাজারে লিডলের অংশীদারত্ব বেড়ে ৮.৬ শতাংশে দাঁড়িয়েছে। ফল, সবজি ও ওয়াইন বিক্রি বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটির বিক্রয় বেড়েছে ৭.১ শতাংশ। অনলাইনভিত্তিক ওকাডোর বিক্রি বেড়েছে ১২.৪ শতাংশ। টেসকো ও সেইন্সবারিজের বিক্রি বেড়েছে যথাক্রমে ১ শতাংশ ও ১.৩ শতাংশ। বাজারের মোট অংশীদারত্বের হিসাবে টেসকোর অবস্থান ২৭.৮ শতাংশ এবং সেইন্সবারিজের ১৫.২ শতাংশ।

অন্যদিকে, আসডার বাজারের অংশীদারত্ব কমে ১১.৫ শতাংশ হয়েছে। আলদির বাজারের অংশীদারত্ব বর্তমানে ১০.৫ শতাংশ।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

রাশিয়ার অ্যারোফ্লটের স্পনসরশিপ বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

দারুল হাদীস লাতিফিয়ার কমিউনিটি ইফতার সম্পন্নঃ ৯ রামাদ্বান ফান্ডরাইজিং আপিলে সকলের সহযোগিতা কামনা

নিউজ ডেস্ক