9.2 C
London
October 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রেকর্ড গরম ও খরার ধাক্কাঃ যুক্তরাজ্যে হ্যালোইনের কুমড়া উৎপাদনে বড় বিপর্যয়

যুক্তরাজ্যে রেকর্ড গরম ও দীর্ঘ খরার প্রভাবে এ বছর হ্যালোইন উৎসবকে সামনে রেখে কুমড়ার সংকট দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে কুমড়ার খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কুমড়া স্বাভাবিক আকারে বেড়ে উঠতে পারেনি, আবার কোনো কোনো খেতে ফলন এতটাই কমেছে যে কৃষকেরা উৎসবের জন্য প্রয়োজনীয় কুমড়া সরবরাহ করতে পারছেন না। আগামী বছর এল নিনো আবহাওয়াপ্রবাহের কারণে আবারও খরা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রেকর্ড সংরক্ষণ শুরুর পর এ বছর দেশটিতে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার হয়েছে। ব্যাপক খরা ও একাধিক তাপপ্রবাহের কারণে কৃষিকাজে বড় ধরনের প্রভাব পড়েছে। এর মধ্যে কুমড়ার ফলন বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইংল্যান্ডের সাফোক অঞ্চলের বুরি সেন্ট এডমন্ডস এলাকায় রাফিনস ফার্মে কয়েক বছর ধরে কুমড়া চাষ করছেন লিজ প্যাটারসন ও অ্যান্ড্রু কিং। আগের বছরগুলোতে তাদের খেতে প্রায় ১০ হাজার কুমড়া উৎপাদিত হতো। কিন্তু এ বছর সেখানে মাত্র ৫০টির মতো কুমড়া বেড়ে উঠেছে। ফলে হ্যালোইন উপলক্ষে তারা এবার নিজেদের খামারের কুমড়া বিক্রি করতে পারছেন না।

লিজ প্যাটারসন বলেন, এ বছর কুমড়াগুলো ঠিকমতো বেড়েই ওঠেনি। খেতে পানি দেওয়ার ব্যবস্থা থাকলেও তাদের খামারে ৫০০টি প্রজননক্ষম ভেড়া রয়েছে। খরার কারণে ঘাসও না বাড়ায় ভেড়াগুলোর জন্য পানি ও খাদ্য নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হয়েছে। তীব্র গরমের কারণে কুমড়ার পরাগায়নও ঠিকমতো হয়নি বলে মনে করেন তিনি।

প্যাটারসনের ভাষায়, খরা তাদের আর্থিকভাবে বিপর্যস্ত করার পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত করেছে। কুমড়ার ফলন না হওয়া এবং ভেড়ার খাবারের জন্য ঘাসের সংকট—দুই সমস্যাই তাদের উদ্বেগ বাড়িয়েছে। আগামী বছর আবারও কুমড়া চাষের জন্য বীজ কিনে খেত প্রস্তুত করার পরিকল্পনা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প ফসলের কথা ভাবতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।

দেশটির অন্যান্য এলাকাতেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। নিউ ফরেস্ট এলাকার মৌসুমি কৃষি পর্যটনকেন্দ্র পিকিং প্যাচের কর্মী নাইল স্মিথ জানান, টানা দ্বিতীয় গ্রীষ্মে তাদের পানি নিয়ে বড় সমস্যায় পড়তে হয়েছে। এ বছর নিজেদের খেতে কুমড়া উৎপাদনের পরিবর্তে হ্যালোইন আয়োজনের জন্য স্থানীয় একটি পারিবারিক খামারকে কুমড়া চাষ করতে দিতে হয়েছে।

স্মিথ বলেন, কিছু কুমড়া পাওয়া গেলেও সেগুলোর বড়গুলোও স্বাভাবিক আকারের তুলনায় প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ ছোট। তাই তারা আয়োজনের ধরন বদলে কুমড়ার বাজারের পাশাপাশি হ্যালোইনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তার মতে, দেশজুড়ে অনেক কুমড়ার খেতেই ফলন আশানুরূপ হয়নি। ফলে অক্টোবরের শেষভাগে স্কুলের মধ্যবর্তী ছুটির সময় চাহিদা মেটানো কঠিন হয়ে পড়তে পারে।

কুমড়া উৎপাদক ও বিক্রেতাদের হাতে বাড়তি মজুতও নেই বলে জানিয়েছেন স্মিথ। স্বাভাবিক সময়ে প্রয়োজন হলে অন্য খামার থেকে দুই হাজার থেকে চার হাজার কুমড়া সংগ্রহ করা যেত। কিন্তু এ বছর সেই সুযোগও সীমিত। ফলে উৎসবের আগে বড় আকারের কুমড়ার সংকট আরও তীব্র হতে পারে।

ইংল্যান্ডের এক্সেটার এলাকার কৃষক রস রাইটও দেশজুড়ে কুমড়ার ঘাটতির কথা জানিয়েছেন। বিশেষ করে বড় আকারের কুমড়ার সংকট বেশি বলে উল্লেখ করেন তিনি। আগামী বছর হ্যালোইনের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পরিমাণ কুমড়া উৎপাদনের জন্য আরও বেশি জমিতে চাষ করতে হতে পারে বলে মনে করেন এই কৃষক।

কৃষকদের আশঙ্কা, এল নিনো আবহাওয়াপ্রবাহের প্রভাবে আগামী বছর আবারও খরা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই কুমড়ার উৎপাদন বাড়ানোর পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদের পরিকল্পনা নিয়েও ভাবতে হচ্ছে তাদের।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

নারী নয়, এবার বৃদ্ধ টার্গেটেঃ লন্ডনে গির্জার পাশে ষাটোর্ধ্ব পুরুষ ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক

ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নে তৎপর যুক্তরাজ্য

নাজুক পারফরম্যান্সের কারণে ঢেলে সাজানো হচ্ছে মেট পুলিশ

অনলাইন ডেস্ক