TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শ্বাসতন্ত্রের ২৪ ধরনের রোগে যুক্তরাজ্যে সপ্তাহে সর্বোচ্চ ১৯৪ পাউন্ড পিআইপি পাওয়ার সুযোগ

যুক্তরাজ্যে শ্বাসতন্ত্রের ২৪ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (পিআইপি) পাওয়ার যোগ্য হতে পারেন। দেশটির কর্ম ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি)-এর সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, পিআইপি মূলত দীর্ঘমেয়াদি শারীরিক বা মানসিক অসুস্থতা কিংবা প্রতিবন্ধিতার কারণে দৈনন্দিন কাজকর্ম অথবা চলাফেরায় সমস্যায় পড়া ব্যক্তিদের অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা করে। ১৬ বছর বা তার বেশি বয়সী এবং রাষ্ট্রীয় পেনশন পাওয়ার বয়সের নিচে থাকা ব্যক্তিরা সাধারণত এ সুবিধার জন্য আবেদন করতে পারেন। তবে পেনশন বয়সে পৌঁছানোর আগেই পিআইপি অনুমোদিত হলে পরবর্তী সময়েও তা চালু থাকতে পারে।

পিআইপির দুটি অংশ রয়েছে—ডেইলি লিভিং বা দৈনন্দিন জীবনযাপন এবং মোবিলিটি বা চলাচল। ব্যক্তির গোসল, পোশাক পরা, রান্না ও খাবার খাওয়ার মতো দৈনন্দিন কাজ করার সক্ষমতা বিবেচনা করে ডেইলি লিভিং অংশের ভাতা নির্ধারণ করা হয়। অন্যদিকে, চলাফেরা ও বাইরে যাতায়াতের ক্ষেত্রে কী ধরনের অসুবিধা হচ্ছে, তা বিবেচনায় নেওয়া হয় মোবিলিটি অংশে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডেইলি লিভিং অংশে সাপ্তাহিক নিম্নহার ৭৬.৭০ পাউন্ড এবং উচ্চহার ১১৪.৬০ পাউন্ড। মোবিলিটি অংশে নিম্নহার ৩০.৩০ পাউন্ড এবং উচ্চহার ৮০ পাউন্ড। উভয় অংশেই উচ্চহার পাওয়ার যোগ্য হলে একজন ব্যক্তি সপ্তাহে সর্বোচ্চ ১৯৪.৬০ পাউন্ড পেতে পারেন। অর্থাৎ মাসিক হিসাবে আনুমানিক ৮৪৩ পাউন্ডের বেশি।

ডিডব্লিউপির ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবেদনে যেসব শ্বাসতন্ত্রের রোগের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দীর্ঘমেয়াদি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, ব্রঙ্কিয়েকটাসিস, সিস্টিক ফাইব্রোসিস, হাঁপানি, পালমোনারি ফাইব্রোসিস, অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস এবং সারকয়ডোসিস।

এ ছাড়া কয়লাখনি শ্রমিকদের নিউমোকোনিওসিসসহ অন্যান্য ধরনের নিউমোকোনিওসিস, ফুসফুসে গ্রানুলোম্যাটাস রোগ ও অন্যান্য অনুপ্রবেশজনিত সমস্যা, প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, এমপাইয়েমা, ফুসফুস প্রতিস্থাপন, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস প্রতিস্থাপন, পালমোনারি এম্বোলিজম এবং নিউমোনিয়াও তালিকায় রয়েছে। ওপরের শ্বাসনালি ও নিম্ন শ্বাসনালির অন্যান্য রোগও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে শুধু কোনো রোগে আক্রান্ত হলেই পিআইপি পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীর রোগ বা শারীরিক অবস্থার কারণে দৈনন্দিন জীবনযাপন এবং চলাফেরায় কতটা সমস্যা হচ্ছে, সেটিই ভাতা নির্ধারণের প্রধান বিবেচ্য বিষয়। ডিডব্লিউপি স্বাধীন চিকিৎসা-সংক্রান্ত পরামর্শের ভিত্তিতে আবেদনকারীর সক্ষমতা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালিকায় কোনো ব্যক্তির নির্দিষ্ট রোগের নাম না থাকলেও তিনি আবেদন করতে পারবেন। কারণ, পিআইপি পাওয়ার যোগ্যতা শুধু রোগের নামের ওপর নির্ভর করে না; বরং অসুস্থতা ব্যক্তির দৈনন্দিন কাজ ও চলাচলের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, সেটিই মূল বিষয়।

স্কটল্যান্ডে পিআইপির পরিবর্তে অ্যাডাল্ট ডিজঅ্যাবিলিটি পেমেন্ট (এডিপি) চালু রয়েছে। এর যোগ্যতার শর্তগুলো পিআইপির সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। উত্তর আয়ারল্যান্ডেও পিআইপি চালু রয়েছে, যদিও সেখানে প্রশাসনিক ব্যবস্থা আলাদা।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে করের হিসাবে ‘বেপরোয়া’ ভুলেও ফৌজদারি মামলার প্রস্তাব

ব্রিটিশ পর্যটকদের জন্য ইউরোপ জুড়ে কঠোর বিধিনিষেধ

অনলাইন ডেস্ক

এখনও ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে নাই