মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলাম তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। তার সঙ্গে অটোরিকশায় একজন নারী ছিলেন, যিনি তার স্ত্রী বলে জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নেতারা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশা থামার পর তার সঙ্গে হাত মেলান এবং আবারও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন। আত্মরক্ষায় হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। এতে তার হাত গুরুতরভাবে কেটে যায়। পরে রিসোর্টের কর্মীরা তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে হামলাকারী হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় তখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।
এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং বর্তমান সময়ের নাশকতার অভিযোগ আবারও আলোচনায় এসেছে।
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বহু অভিযোগ উঠেছে। এসব অভিযোগের আন্তর্জাতিক ভিত্তিও রয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনের সময় তৎকালীন সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের যুক্তিসংগত ভিত্তি পাওয়া গেছে। প্রতিবেদনে শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষকে আহত করা, নির্বিচার গ্রেপ্তার, আটক ও নির্যাতনের বিষয় তুলে ধরা হয়।
শুধু ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনাই নয়, আওয়ামী লীগ সরকারের আমলে বছরের পর বছর গুমের অভিযোগও দেশ-বিদেশে আলোচিত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছিল। এসব অভিযোগের তদন্ত ও দায়ীদের বিচারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ভুক্তভোগী পরিবারগুলো।
অন্যদিকে ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগ উঠছে। মঙ্গলবারই গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, সড়ক অবরোধ এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবির ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত ছিলেন।
এ ছাড়া ১ নভেম্বর ঢাকার মিরপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গোয়েন্দা পুলিশ আটক করে বলে জানিয়েছে জাগো নিউজ।
শ্রীমঙ্গলের হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়েছেন। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
এদিকে শ্রীমঙ্গল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। হাসিব আল ইসলাম শ্রীমঙ্গলে ফিরে থানায় অভিযোগ দেওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস।
রাজনৈতিক পরিচয় যা-ই হোক, একজন রাজনৈতিক কর্মীর ওপর প্রকাশ্যে চাপাতি নিয়ে হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করার অভিযোগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। অতীতের গুম-খুন ও দমন-পীড়নের অভিযোগের বিচার এবং বর্তমান সময়ের রাজনৈতিক সহিংসতা বন্ধে দায়ীদের আইনের আওতায় আনার দাবি আবারও সামনে এসেছে।
সূত্রঃ দ্য ডেইলি স্টার
এমকে

