TV3 BANGLA
বাংলাদেশ

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতিঃ আইন সংশোধনের উদ্যোগ সরকারের

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখল ও নিয়ন্ত্রণ বাবা-মায়ের হাতেই রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে বাবা-মা জীবিত থাকা অবস্থায় তাদের এবং সন্তানের উভয়ের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। সরকারের দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পারিবারিক বিরোধ ও সম্পত্তি-সংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে মুসলিম পারিবারিক আইনে হেবা করার সঙ্গে সঙ্গেই সম্পত্তির মালিকানা সন্তানের কাছে চলে যায়। ফলে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারান এবং পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সন্তান দায়িত্ব পালন না করলে বাবা-মা অসহায় অবস্থায় পড়েন।

তিনি জানান, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে এমন বিধান যুক্ত হবে, যাতে সন্তানকে সম্পত্তি উপহার দেওয়ার পরও বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি ভোগদখলের অধিকার নিজের কাছে রাখতে পারেন।

আইনমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত বিধান অনুযায়ী বাবা-মা জীবিত থাকা অবস্থায় তাদের সম্মতি ছাড়া সন্তান সম্পত্তি বিক্রি করতে পারবে না। একইভাবে সন্তানকে বাদ দিয়ে বাবা বা মাও এককভাবে সম্পত্তি বিক্রি করতে পারবেন না। অর্থাৎ সম্পত্তি বিক্রির জন্য উভয় পক্ষের সম্মতি বাধ্যতামূলক হবে।

তবে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমের সুযোগ রাখা হবে বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, যদি বাবা-মায়ের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সম্পত্তি বিক্রি প্রয়োজন হয়, কিন্তু সন্তান সম্মতি না দেয়, তাহলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। আদালত পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে।

আইনমন্ত্রী বলেন, এই সংশোধনের মাধ্যমে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ কমবে এবং আদালতে দেওয়ানি মামলার চাপও হ্রাস পাবে। জনগণের কল্যাণে প্রয়োজনীয় আইন সংস্কারে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে আইনমন্ত্রী বাগেরহাটে উপকূলরক্ষী বাহিনীর বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য বাড়ছে ভিসা জটিলতা, ১৭ দেশে আবেদনে ৭টিরই পাননি কনটেন্ট ক্রিয়েটর নাদির

বাংলাদেশ সরকারের ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

টেলিযোগাযোগ অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদনঃ বিচারকের আদেশ ছাড়া ফোনে আড়ি পাতা নয়