TV3 BANGLA
বাংলাদেশ

সামরিক জনবলের হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশঃ মোট সদস্য ৭০ লাখের বেশি

সামরিক জনবলের হিসাবে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলোকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ারপাওয়ারের (জিএফপি) ২০২৬ সালের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধাসামরিক বাহিনীর সদস্য মিলিয়ে বাংলাদেশের মোট জনবল প্রায় ৭০ লাখ ৪ হাজার।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম। তবে এই হিসাবকে প্রচলিত অর্থে নিয়মিত সেনাবাহিনীর সদস্যসংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, এখানে সক্রিয় সামরিক বাহিনীর পাশাপাশি রিজার্ভ ও আধাসামরিক বাহিনীর সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জিএফপির হিসাব অনুযায়ী, বাংলাদেশের সক্রিয় সামরিক সদস্য ২ লাখ ৪ হাজার। অন্যদিকে আধাসামরিক বাহিনীর সদস্যসংখ্যা দেখানো হয়েছে ৬৮ লাখ। রিজার্ভ সামরিক সদস্যের সংখ্যা দেখানো হয়েছে শূন্য। বাংলাদেশের বিশাল আধাসামরিক জনবলের হিসাবের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশের পরেই তালিকায় রয়েছে ভিয়েতনাম। দেশটির মোট সামরিক ও আধাসামরিক জনবল প্রায় ৫৭ লাখ ৫০ হাজার। তৃতীয় অবস্থানে ইউক্রেন, তাদের জনবল প্রায় ৫০ লাখ। চতুর্থ অবস্থানে ভারত, প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার সদস্য নিয়ে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র।

তবে এই পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বাংলাদেশের ৭০ লাখের বেশি জনবলের মধ্যে প্রায় ৬৮ লাখই আধাসামরিক বাহিনীর সদস্য হিসেবে গণনা করা হয়েছে। অর্থাৎ নিয়মিত সশস্ত্র বাহিনীর সদস্যসংখ্যায় বাংলাদেশ বিশ্বে প্রথম নয়। সক্রিয় সামরিক সদস্যের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩০তম।

গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামগ্রিক সামরিক শক্তির তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। এই র‍্যাঙ্কিংয়ে সামরিক সরঞ্জাম, বিমান ও নৌ সক্ষমতা, অর্থনৈতিক সামর্থ্য, রসদ সরবরাহসহ ৬০টির বেশি বিষয় বিবেচনা করা হয়।

সব মিলিয়ে, বিপুল আধাসামরিক জনবলের কারণে মোট সামরিক জনবল গণনায় বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ।

সূত্রঃ গ্লোবাল ফায়ারপাওয়ার (২০২৬), ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

এমকে

আরো পড়ুন

বাংলাদেশ থেকে তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানোর ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের

হোয়াটসঅ্যাপ চ্যাটে পরিকল্পনাঃ ফেনীতে ৫ সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র

‘ফ্রি ভিসা বলতে কিছু নেই’

অনলাইন ডেস্ক