TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের নতুন ডিসির যোগদান শেষ মুহূর্তে স্থগিতঃ বিমানবন্দর থেকে ঢাকায় ফিরলেন রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পাওয়া মু. রেজা হাসানের যোগদান শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিলেটে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছালেও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তিনি আর সিলেটে আসেননি। পরিবর্তে তাকে জরুরি ভিত্তিতে সচিবালয়ে তলব করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিলেট জেলা প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মু. রেজা হাসানকে ঢাকাতেই অবস্থান করতে বলা হয়েছে। ফলে তার সিলেটে যোগদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে আলোচিত ও সমালোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র জানায়, গত বুধবার সকালে রোজী আক্তার কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে একই দিন দুপুরে মু. রেজা হাসানের সিলেটে এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তিনি কুমিল্লা থেকে ঢাকায় এসে দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেট যাওয়ার প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।

নতুন জেলা প্রশাসককে বরণ করে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সরকারি গাড়িও বিমানবন্দরে পাঠানো হয়েছিল। তবে ঠিক বিমানে ওঠার আগে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশ আসে তার সিলেট যাত্রা স্থগিত করার। এরপর তিনি বিমানবন্দর থেকে সরাসরি সচিবালয়ের উদ্দেশে রওনা হন। পরে অপেক্ষমাণ কর্মকর্তারাও বিমানবন্দর ত্যাগ করেন।

প্রশাসনিক সূত্রগুলোর দাবি, প্রবাসী অধ্যুষিত এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটকে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকাঙ্ক্ষিত কর্মস্থল হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে পদায়নের প্রজ্ঞাপন জারির পর থেকেই জেলা প্রশাসকের পদটি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির ও লবিং শুরু হয় বলে আলোচনা রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল থেকেও পছন্দের কর্মকর্তার নাম উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

তবে এসব দাবির বিষয়ে সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে প্রশাসনিক মহলে আলোচনা চলছে, শেষ পর্যন্ত মু. রেজা হাসান সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। একই সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারের পদায়নেও পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন সূত্রে আলোচনা থাকলেও এ বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্টদের মতে, সরকারের পরবর্তী নির্দেশনার ওপরই নির্ভর করছে সিলেটের জেলা প্রশাসক পদে চূড়ান্ত নিয়োগ ও দায়িত্ব গ্রহণের বিষয়টি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূত নিয়োগঃ পেশাদার কূটনীতিকদের ক্ষোভ ও বিতর্ক

লুর সফরে সরকারে স্বস্তি