TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হরমুজ প্রণালী টোল আমরা দিচ্ছি নাঃ ইরানকে যুক্তরাজ্য

যুক্তরাজ্য ঘোষণা করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের জন্য ইরান যদি জাহাজগুলোর ওপর কোটি ডলারের ফি ধার্য করার চেষ্টা করে, তা তারা “সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান” করবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বৃহস্পতিবার ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক পরিচালনা করেন, যেখানে গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি “শর্তবিহীনভাবে এবং অবিলম্বে পুনরায় খোলার” আহ্বান জানানো হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের কিছুক্ষণ পরে জানায়, যুদ্ধ শেষ হলে ওমানের সঙ্গে যৌথভাবে জাহাজগুলোর জন্য অনুমতি পত্র জারি করার প্রস্তাবের ওপর কাজ করা হচ্ছে, যাতে নিরাপদ সমুদ্র চলাচল নিশ্চিত করা যায়। মার্চ মাসের শুরু থেকে ইরান এই জলপথ কার্যত বন্ধ রেখেছে, যা বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করে।

একটি জাহাজের ক্ষেত্রে ২০ লাখ ডলার টোল নেওয়া হয়েছে, যা বিশ্লেষকরা “তেহরান টোল বুথ” হিসেবে উল্লেখ করেছেন। অনুমান করা হচ্ছে, ইরান বছরে ১১০ বিলিয়ন ডলার আয় করতে পারে যদি তারা এই ফি ধার্য অব্যাহত রাখে। বৈঠকে ইভেট কুপার বলেন, তেহরানকে “বৈশ্বিক অর্থনীতি জিম্মি করতে দেওয়া যাবে না” এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ও আলোচ্য হয়েছে। তিনি আরও বলেন, দেশগুলো “প্রণালী অতিক্রম করতে চাওয়া জাহাজের ওপর টোল আরোপ প্রত্যাখ্যান করতে” পারে।

ইরানও জানিয়েছে, যুদ্ধকালীন অবস্থায় জাহাজগুলোকে নিরাপদভাবে চলাচলের জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে ইরান ও ওমানের সঙ্গে সমন্বয় করতে হবে। তবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছেন, দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী মার্কিন ও ইসরায়েলের জন্য বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য চাপ দিচ্ছে, তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সামরিক জোর প্রয়োগের মাধ্যমে প্রণালী খোলা “বাস্তবসম্মত নয়”, বরং ইরানের সঙ্গে সমন্বয় ও শান্তি আলোচনা প্রয়োজন।

বিশ্বজুড়ে জ্বালানি দামের ঊর্ধ্বগতি, হরমুজ প্রণালী বন্ধ এবং কূটনৈতিক উত্তেজনা একযোগে চলার কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্য এবং অংশগ্রহণকারী দেশগুলো সমাধানের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বেনিফিট ফাঁদে কেয়ারারঃ সরকারি ভুল তথ্যের শিকার

প্রশ্নবাণে জর্জরিত ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় দমননীতি উচ্চশিক্ষায় অর্থসংকট আরও বাড়াবে