TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

২০৩৫ বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্যঃ ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফিরছে ব্রিটেনে

১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের ফিফা নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের যৌথ প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

২০২৬ সালের ২৩ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবারের আয়োজনে যুক্তরাজ্যই ছিল একমাত্র প্রার্থী। চারটি দেশের যৌথ উদ্যোগে ‘অল টুগেদার’ নামে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, ৩৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৪৮টি দল অংশ নেবে। অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। বিশ্বকাপের জন্য চার দেশের ১৯টি ভেন্যু প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি স্টেডিয়াম রয়েছে।

প্রস্তাবিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়াম, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, এমিরেটস স্টেডিয়াম, ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়াম, ওল্ড ট্রাফোর্ড, সেন্ট জেমস পার্ক এবং হিল ডিকিনসন স্টেডিয়াম।

এ ছাড়া অ্যাস্টন ভিলার ভিলা পার্ক, ব্রাইটনের অ্যামেক্স স্টেডিয়াম, অ্যাশটন গেট, এল্যান্ড রোড, সেলহার্স্ট পার্ক, সিটি গ্রাউন্ড ও স্টেডিয়াম অব লাইটও তালিকায় রয়েছে। ওয়েলসের কার্ডিফ সিটি স্টেডিয়াম ও প্রিন্সিপালিটি স্টেডিয়াম এবং স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ক ও ইস্টার রোডেও খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে উইন্ডসর পার্ক হবে সম্ভাব্য ভেন্যু।

ফিফার প্রকাশিত মূল্যায়নে যুক্তরাজ্যের আয়োজক প্রস্তাবকে পাঁচের মধ্যে ৪ দশমিক ৩ নম্বর দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও তিনটি স্টেডিয়াম যুক্ত করার সুযোগও রাখা হয়েছে। এর মধ্যে বার্মিংহামের নতুন পাওয়ারহাউস স্টেডিয়াম এবং চেলসির সম্ভাব্য নতুন মাঠ রয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেন, ২০২২ সালে নারী ইউরো আয়োজনের মাধ্যমে দেশটিতে নারী ফুটবলের জনপ্রিয়তা ও অংশগ্রহণ বেড়েছে। বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেলে চারটি দেশেই নারী ফুটবলের আরও বিকাশ ঘটানো সম্ভব হবে।

২০২৩ সালের নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। কোচ সারিনা উইগম্যানের অধীনে দলটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে টানা দুটি শিরোপা জিতেছে। ২০৩৫ সালের বিশ্বকাপের আগে ২০২৭ সালে ব্রাজিল এবং ২০৩১ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকায় নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আগে ২০২৮ সালে যুক্তরাজ্যের বিভিন্ন দেশে পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে দক্ষিণ ও মধ্য ওয়েলসে হলুদ সতর্কতা, বন্যা–বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

ইমেনসা ল্যাবের ত্রুটির কারণে কোভিডে সম্ভাব্য ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ব্রিটেনের দুর্নীতিবিরোধী কার্যালয়ের পদ থেকে টিউলিপকে অপসারণের দাবি