TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

৩১ ডিসেম্বরের পর ব্রিটেনে সংকুচিত হচ্ছে অস্থায়ী শর্টেজ লিস্টঃ ঝুঁকিতে নতুন স্পন্সরশিপ

ব্রিটেনে স্কিলড ওয়ার্কার ভিসার আওতায় থাকা অস্থায়ী ঘাটতি পেশার তালিকা বা টেম্পোরারি শর্টেজ লিস্ট আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এ মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরপর তালিকাটির আওতায় থাকা পেশাগুলোতে নতুন কর্মী নিয়োগের জন্য স্পন্সরশিপ দেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে। এ নিয়ে এখনো হোম অফিসের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ঘোষণা আসেনি।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী ৩১ ডিসেম্বরের আগে তালিকাভুক্ত পেশাগুলোর জন্য নিয়োগকর্তারা কর্মীদের স্পন্সরশিপ সার্টিফিকেট বা সার্টিফিকেট অব স্পন্সরশিপ (সিওএস) দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর তালিকাটির মেয়াদ শেষ হলে এসব পেশায় নতুন স্পন্সরশিপ দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। তবে আগে থেকেই স্পন্সরশিপ পাওয়া কর্মীরা এর আওতায় থাকবেন।

এদিকে, মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (এমএসি) ২০২৬ সালের জুলাইয়ে টেম্পোরারি শর্টেজ লিস্টের দ্বিতীয় ধাপের পর্যালোচনা শেষ করে হোম অফিসের কাছে সুপারিশ জমা দিয়েছে। কমিটি ২৮টি পেশার কোড তালিকায় অন্তর্ভুক্ত রাখার সুপারিশ করেছে। তবে এই অন্তর্ভুক্তি স্থায়ীভাবে নয়, মাত্র ১৮ মাসের জন্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি ভবিষ্যতে তালিকা পর্যালোচনার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হবে, সে সম্পর্কেও নির্দেশনা দিয়েছে। পাশাপাশি সতর্ক করেছে, আগামী দিনে অস্থায়ী ঘাটতি পেশার তালিকা আরও ছোট হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালিকার মেয়াদ শেষ হতে আর মাত্র আট সপ্তাহ বাকি থাকলেও হোম অফিস এখন পর্যন্ত পরবর্তী ব্যবস্থা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। ফলে তালিকাভুক্ত পেশায় নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করা নিয়োগকর্তা এবং স্পন্সরশিপ প্রত্যাশী বিদেশি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে নিয়োগকর্তাদের পাশাপাশি কর্মীদেরও বর্তমান নিয়ম ও সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ৩১ ডিসেম্বরের পর কোন কোন পেশা তালিকায় থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। ২৮টি পেশার বিষয়ে এমএসি-র সুপারিশ থাকলেও সেটি হোম অফিসের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বসবাসের এলাকা এখন মিডলসব্রোঃ অপরাধের হারে পিছিয়ে ব্ল্যাকপুল

রুয়ান্ডা নীতি নিয়ে অপ্রকাশিত ফাইল প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যে

দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ, বয়স্ক চালকদের নজরদারিতে আনছে ব্রিটেন