12.1 C
London
March 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইরান সমর্থনের অভিযোগ ‘ভুল’: স্টারমারের মন্তব্যের পর হুমকির মুখে গ্রিন পার্টির নেতা মতিন আলী

যুক্তরাজ্যের গ্রিন পার্টির ডেপুটি লিডার মতিন আলী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, সংসদে তার বিরুদ্ধে ভুল দাবি প্রধানমন্ত্রী কর্তৃক সমর্থন করার পর থেকেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

মতিন আলী বলেন, তাকে ভুলভাবে এমন একজন হিসেবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি ইরানের শাসকগোষ্ঠীর সমর্থনে বিক্ষোভ করেছেন। অথচ তিনি যে সমাবেশে অংশ নিয়েছিলেন, সেটি ছিল যুদ্ধবিরোধী প্রতিবাদ। এই ভুল প্রচারণার পর থেকে তার বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস হুমকি বেড়েছে বলে জানান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মতিন আলীর কাছে পাঠানো একাধিক হুমকিমূলক বার্তায় লেখা ছিল—“আমরা জানি তোমাকে কোথায় খুঁজে পাব”, “তোমার জন্য কী আসছে তুমি জানো না” এবং “দেরি হওয়ার আগে ব্যাগ গুছিয়ে নাও।” এসব বার্তার কারণে তিনি নিজের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ওই বিক্ষোভে মতিন আলী যুদ্ধের বিরোধিতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রতিবাদ জানাতে অংশ নেন। তবে কিছু গণমাধ্যম, বিশেষ করে জিবি নিউজ, সমাবেশটিকে ভুলভাবে ইরানি সরকারের সমর্থনে আয়োজিত সমাবেশ হিসেবে তুলে ধরে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স-এ আলোচনার সময় কনজারভেটিভ এমপি অ্যালেক শেলব্রুক অভিযোগ করেন, মতিন আলী আয়াতুল্লাহর সমর্থনে বিক্ষোভ করেছেন। জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গ্রিন পার্টির ডেপুটি লিডারের কর্মকাণ্ডে তিনি বিস্মিত। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক শুরু হয়।

তবে গ্রিন পার্টির এমপি এলি চাউনস সংসদে মতিন আলীর পক্ষে কথা বলেন। তিনি জানান, মতিন আলী যুদ্ধবিরোধী সংগঠন স্টপ দ্য ওয়ার কোয়ালিশন এবং ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট-এর উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যা ছিল যুদ্ধবিরোধিতা ও কূটনৈতিক সমাধানের পক্ষে।

বিক্ষোভের অন্যতম আয়োজক সংগঠন ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্যাংশনস, মিলিটারি অ্যান্ড ইম্পেরিয়াল ইন্টারভেনশনস—ক্যাসমির প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্বাস এদালাত বলেন, সমাবেশটির মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রতিবাদ। তিনি দাবি করেন, বিক্ষোভকে ইরানি সরকারের সমর্থন হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ ভুল।

মতিন আলী আরও বলেন, সাম্প্রতিক গর্টন অ্যান্ড ডেন্টন উপনির্বাচনে গ্রিন পার্টির বিজয়ের পর রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করার উদ্দেশ্যেও তার বিরুদ্ধে এই প্রচারণা চালানো হতে পারে। ওই নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হান্না স্পেন্সার জয়ী হয়ে দলটির পঞ্চম সংসদ সদস্য হন।

তিনি জানান, সম্প্রতি লন্ডনের আর্লস কোর্ট টিউব স্টেশনের বাইরে এক ব্যক্তি তাকে অনুসরণ করে গালিগালাজ করেন এবং মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দেন। তিনি মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করলে ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে সরে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালে লিডস সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়ার পর থেকেই মতিন আলী উগ্র ডানপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। সেই সময় এক বক্তৃতার শেষে তিনি “আল্লাহু আকবর” বলায় সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণাও চালানো হয়েছিল।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

তামাক এবং ভ্যাপস বিলের বিধি নিয়ে ঋষি সুনাকের সমালোচনায় প্রাক্তন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে টানা পঞ্চম মাস বাড়ল বাড়ির দাম, বাজার দুর্বল হওয়ার ইঙ্গিত

ডলারের বিপরীতে পাউন্ডের শক্তিশালী পতন