8.7 C
London
October 23, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসলামের নামে সহিংসতার পরিকল্পনাঃ ব্রিটিশ নাগরিকত্ব হারিয়ে আইনি লড়াইয়েও হার

ব্রিটেনে কোরআন পোড়ানোর পরিকল্পনাকারী এক উগ্র ডানপন্থী রাজনীতিককে হামলার পরিকল্পনা করার অভিযোগে ব্রিটিশ নাগরিকত্ব হারানো এক সাবেক ডেলিভারি চালক আদালতে আইনি লড়াইয়েও হেরে গেছেন। দেশটির নিরাপত্তা সংস্থা এমআই-ফাইভ তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে।

আদালতে ‘জে৪’ ছদ্মনামে পরিচিত ওই ব্যক্তির ব্রিটিশ পাসপোর্ট বাতিল করা হয়েছিল ২০২৩ সালের মার্চে হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু বার্তা সামনে আসার পর। বার্তাগুলোতে ডেনমার্কের উগ্র ডানপন্থী কর্মী রাসমুস পালুদানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার কথা উঠে আসে। পালুদান ইউরোপের বিভিন্ন দেশে ইসলামবিরোধী বিক্ষোভ এবং কোরআন পোড়ানোর কর্মসূচির জন্য পরিচিত।

পশ্চিম ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে একটি বিক্ষোভে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে জে৪ বার্তায় লিখেছিলেন, তিনি ‘বিক্ষোভ করবেন না’, বরং ‘ওই কাফেরকে আক্রমণ করবেন’।

বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নেয় ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। তবে পরে এমআই-ফাইভ তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সুপারিশ করে। নিরাপত্তা সংস্থাটির মূল্যায়ন ছিল, তার বার্তাগুলো যুক্তরাজ্য কিংবা বিদেশে ইসলামপন্থী সহিংসতা চালানোর সুস্পষ্ট ইচ্ছার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, জে৪-এর আইনজীবীরা যুক্তি দেন, তিনি কেবল মুখে বড় বড় কথা বলতেন; বাস্তবে হামলা চালানোর কোনো প্রকৃত উদ্দেশ্য তার ছিল না।

তবে স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনের (এসআইএসি) বিচারকেরা তার আবেদন খারিজ করে দেন। তাদের মতে, জে৪-এর বার্তাগুলোতে সহিংসতা চালানোর স্পষ্ট ও বিপজ্জনক অভিপ্রায় প্রকাশ পেয়েছে।

এর ফলে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি প্রচেষ্টায় ব্যর্থ হলেন ওই সাবেক ডেলিভারি চালক।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

ব্রিটে‌নে ফি‌লি‌স্তি‌নের প‌ক্ষে লা‌খো মানুষের পি‌টিশন উঠ‌ছে সংস‌দে

যুক্তরাজ্যে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ নিয়ে জরুরি সতর্কতা জারি

ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ চায় ৮০০ আইন বিশেষজ্ঞ