TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এআই দিয়ে বরিস জনসন ও মার্গারেট থ্যাচারকে ব্যঙ্গঃ সমালোচনার মুখে ক্ষমা চাইলেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি একটি ব্যঙ্গাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি। ভিডিওটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও মার্গারেট থ্যাচারকে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’র আদলে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নেয় দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্কটিশ পার্লামেন্টে ফার্স্ট মিনিস্টারস কোয়েশ্চেনস অধিবেশনে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে জন সুইনি বলেন, ভিডিওটি প্রকাশের কারণে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। কাউকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না।

এসএনপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছিল ‘গ্র্যান্ড থেফট আলবা’। এতে ভিডিও গেমটির পরিচিত দৃশ্যের আদলে বরিস জনসন ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে দেখানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর স্থিরচিত্রে দেখা যায়, বরিস জনসনকে হাতে বিয়ারের বোতল নিয়ে পার্টি করতে দেখা যাচ্ছে। তার শার্ট ছিল এলোমেলো ও দাগযুক্ত। পেছনে কয়েকজনকে নীল মুখোশ পরা অবস্থায় দেখা যায়।

অন্য একটি দৃশ্যে মার্গারেট থ্যাচারকে জাহাজঘাটে দাঁড়িয়ে ‘স্কটিশ তেলের অর্থ’ লেখা একটি বস্তা থেকে টাকা বের করে ‘যুক্তরাজ্যের কোষাগার’ লেখা একটি ব্যারেলে ঢালতে দেখা যায়। এর মাধ্যমে স্কটল্যান্ডের জ্বালানি সম্পদ ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে রাজনৈতিক ব্যঙ্গ করা হয়েছে।

এসএনপির এক মুখপাত্র জানান, ভিডিওটির মাধ্যমে স্কটল্যান্ডের একটি বড় সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় সামনে আনার চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে ছিল স্কটল্যান্ডের জ্বালানি সম্পদ লুট, অ্যান্ডি বার্নহামের গোপন স্বাধীনতা-সংক্রান্ত জনমত জরিপ এবং রিফর্ম পার্টির উত্থান মোকাবিলার প্রয়োজনীয়তা।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্য ব্যবহার এবং এর সীমাবদ্ধতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলায় বিষয়টি পুনর্বিবেচনা করে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’র ষষ্ঠ সংস্করণ প্রকাশের দিনেই ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়। নতুন সংস্করণের জন্য ভক্তদের দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটে।

এদিকে স্কটিশ গ্রিন পার্টির সহ-নেতা জিলিয়ান ম্যাকে ভিডিওটি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এআইয়ের ব্যবহার এবং এআই তথ্যকেন্দ্রের প্রভাব নিয়ে শিল্পী, শ্রমিক ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে এসএনপির এআই-নির্ভর ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ সরকারের এআই নীতির প্রতি মানুষের উদ্বেগ আরও বাড়িয়েছে।

জবাবে জন সুইনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের উদ্বেগ তিনি বোঝেন এবং নিজেও এ বিষয়ে উদ্বিগ্ন। বিশ্বজুড়ে বড় ধরনের শিল্প ও প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে। এসব পরিবর্তনের প্রভাব নিয়ে মানুষের মধ্যে যে অস্বস্তি রয়েছে, সে বিষয়ে তিনি সচেতন।

তবে এআইয়ের ইতিবাচক দিকও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) ক্যানসারের ঝুঁকি শনাক্ত করার সক্ষমতা উন্নত করা হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবায় এআই ব্যবহারের ফলে চিকিৎসার মান উন্নত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

একই সঙ্গে এআই তথ্যকেন্দ্রের ঝুঁকি বিবেচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার। তিনি বলেন, এসব তথ্যকেন্দ্রের উন্নয়নের সঙ্গে জ্বালানি ও অন্যান্য সম্পদ ব্যবহারের মতো ঝুঁকিও রয়েছে। সরকার এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

উল্লেখ্য, স্কটল্যান্ডে এআই তথ্যকেন্দ্র স্থাপনের বিস্তার নিয়ে সম্প্রতি ব্যাপক প্রতিবাদ হয়েছে। এআই প্রযুক্তির কারণে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহারের পাশাপাশি মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারীরা।

গত সপ্তাহে এডিনবরায় হাজার হাজার মানুষ এআই তথ্যকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। রয়্যাল মাইল ধরে এগিয়ে যাওয়া ওই মিছিল শেষে স্কটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮০টিরও বেশি সংগঠন ও গোষ্ঠী এ আন্দোলনে সমর্থন জানায়। তাদের মধ্যে পরিবেশবাদী সংগঠন, ট্রেড ইউনিয়ন, শিল্পী এবং দারিদ্র্যবিরোধী বিভিন্ন সংগঠন ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, স্কটল্যান্ডে এত বড় পরিসরে এআই তথ্যকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে সরকার এখনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে থ্রি-সি লিভে বড় পরিবর্তনঃ ভিসার মেয়াদ শেষে বৈধ থাকার ‘ফাঁকফোকর’ বন্ধ করছে হোম অফিস

ইউগভ জরিপে লেবার পিছিয়েঃ জরিপকে বিশ্বাস না করার আহ্বান কিয়ার স্টারমারের

প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে সাজা দেওয়া যাবে নাঃ যুক্তরাজ্যের আদালত