ব্রিটেনে এক নারীকে মাদক খাইয়ে অচেতন করে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় চারজন পুরুষকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ওই নারীর স্বামী নিজেই তাকে মাদক খাইয়ে বেঁধে রাখতেন এবং অপরিচিত পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য আমন্ত্রণ জানাতেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের শুনানিতে বলা হয়, ফিলিপ ইয়ং (৫০) নামের ওই ব্যক্তি তার তৎকালীন স্ত্রী জোয়ান ইয়ংকে বিভিন্ন ডেটিং ও সুইংগিং ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করতেন। তিনি বিষয়টিকে স্বামী-স্ত্রীর পারস্পরিক যৌন পছন্দ বা বিশেষ যৌন আগ্রহ হিসেবে তুলে ধরতেন।
কিন্তু আদালতে বলা হয়, বাস্তবে ফিলিপ ইয়ং গোপনে স্ত্রীকে মাদকজাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে ফেলতেন। এর ফলে তিনি প্রায় প্রাণহীন অবস্থায় চলে যেতেন এবং বিজ্ঞাপনে সাড়া দিয়ে আসা পুরুষরা তার ওপর যৌন নির্যাতন চালানোর সুযোগ পেতেন।
উইনচেস্টার ক্রাউন কোর্টে বিচার চলাকালে জুরিদের জানানো হয়, অভিযুক্ত স্বামী স্ত্রীকে ওষুধ খাইয়ে বেঁধে রাখতেন, যাতে অন্য পুরুষরা তার ওপর যৌন নির্যাতন চালাতে পারে।
এ ঘটনায় চারজন পুরুষকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলার মূল অভিযুক্ত ফিলিপ ইয়ংয়ের বিরুদ্ধে নিজের স্ত্রীকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে।
ঘটনাটি নিয়ে দ্য গার্ডিয়ানের পৃথক অনুসন্ধানী প্রতিবেদনেও বলা হয়েছে, ফিলিপ ইয়ং প্রায় ১৫ বছর ধরে তার স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

