গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিকাশ, নগদ ও রকেটের বিভিন্ন অ্যাকাউন্টে লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট করতে পারছেন না অনেকে। অ্যাকাউন্টে টাকা জমা থাকলেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ পরিস্থিতি ব্যাপকভাবে সামনে আসে। অনেক গ্রাহকের মোবাইলে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হয়েছে। বিকাশের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।’
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের কিছু গ্রাহক আর্থিক লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। একই পরিস্থিতির কথা জানিয়েছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমও। স্থানীয় ডিস্ট্রিবিউটর ও সার্ভিসিং পয়েন্টের কার্যক্রম ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানিয়েছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত ও যাচাই শেষে এসব অ্যাকাউন্ট পুনরায় চালু করা হবে, নাকি স্থায়ীভাবে বন্ধ রাখা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা বন্ধের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন কোনো নির্দেশনা দেয়নি। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিধিমালা অনুসারে নিজেরাই অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করতে পারে।
অন্যদিকে, দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোপালগঞ্জের অন্তত ১৪ জন গ্রাহক মোবাইল আর্থিক সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তাদের কয়েকজনের বিকাশ অ্যাকাউন্ট বুধবার রাত থেকে অকার্যকর হয়ে পড়ে। নগদের এক পরিবেশকের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এ দাবির বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে কয়েকজন গ্রাহকের অর্থ আটকে থাকার তথ্যও উঠে এসেছে। একজন গ্রাহকের হিসাবে ৫ হাজার ৫০০ টাকা এবং অন্য একজনের হিসাবে ৬৫ হাজার টাকা আটকে থাকার কথা জানিয়েছেন তারা। এতে ব্যক্তিগত খরচ ও ব্যবসায়িক লেনদেনে সমস্যার সৃষ্টি হয়েছে।
গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় বিকাশের প্রায় ১ হাজার ৪০০ এবং নগদের প্রায় ১ হাজার ৭৫০ জন এজেন্ট রয়েছেন বলে সংশ্লিষ্ট পরিবেশক ও এজেন্টদের তথ্যের ভিত্তিতে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। লেনদেন ব্যাহত হওয়ায় এসব এজেন্টের কার্যক্রমেও প্রভাব পড়েছে।
বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে; এটি কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের জন্য নেওয়া আলাদা সিদ্ধান্ত নয়। ফলে গোপালগঞ্জের সব গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে—এমন তথ্য নিশ্চিত নয়। তবে যেসব গ্রাহকের অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাদের টাকা ব্যবহারের সুযোগ কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সূত্রঃ বিবিসি বাংলা
এমকে

