TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশবাংলাদেশযুক্তরাজ্য (UK)

আলতাব আলী পার্ক কোনো দলের নয়ঃ বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও দলীয় কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারা। পার্কের ঐতিহাসিক গুরুত্ব, শহীদ মিনারের মর্যাদা এবং স্থানীয় কমিউনিটির শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা তুলে ধরে তারা এ দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কমিউনিটি নেতাদের এই উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কমিউনিটি নেতা সিরাজুল হক বক্তব্য দিয়েছেন।

কমিউনিটি নেতাদের বক্তব্যে বলা হয়েছে, আলতাব আলী পার্ক কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি ব্রিটেনে বসবাসরত বাঙালি কমিউনিটির ঐতিহাসিক পরিচয়, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। এখানে অবস্থিত শহীদ মিনারও কোনো রাজনৈতিক দলের নয়; বরং সব বাঙালির সম্মিলিত ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক।

তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে পার্কে দলীয় কর্মসূচি, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ফলে পার্কের মূল ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও অস্বস্তি সৃষ্টি হয়।

এ কারণে আওয়ামী লীগ, বিএনপি কিংবা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে পার্কে দলীয় সভা-সমাবেশ আয়োজন না করার দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, কোনো দলের রাজনৈতিক কর্মসূচির জন্য এই ঐতিহাসিক স্থানকে ব্যবহার করা উচিত নয়।

কমিউনিটি নেতাদের প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আলতাব আলী পার্কে রাতের বেলায় অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজন বন্ধ রাখা। তাদের মতে, রাতের কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং বিশৃঙ্খলা এড়াতে দিনের বেলায় অনুষ্ঠান আয়োজন করা অধিক উপযুক্ত।

তারা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো দিনের বেলায় শান্তিপূর্ণভাবে পালনের পক্ষে মত দিয়েছেন। তবে এসব আয়োজনে রাজনৈতিক মিছিল, দলীয় স্লোগান কিংবা কোনো রাজনৈতিক দলের প্রচারমূলক কর্মকাণ্ড না রাখার প্রস্তাব দিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও কমিউনিটি প্ল্যাটফর্মে আলোচনা চলছে। লন্ডন বাংলা ভয়েস, বাংলা সংলাপসহ কয়েকটি প্রবাসী সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এ দাবির বিষয়টি উঠে এসেছে।

স্যোশাল মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনেও আলতাব আলী পার্কে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং জাতীয় দিবসগুলো শান্তিপূর্ণভাবে পালনের প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।

আলতাব আলী পার্ক দীর্ঘদিন ধরে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ভাষা আন্দোলন, সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহাসিক স্মৃতিচর্চার অন্যতম কেন্দ্র। ফলে পার্কটিকে রাজনৈতিক বিরোধের বাইরে রেখে সবার জন্য উন্মুক্ত ও শান্তিপূর্ণ ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণের দাবিই এখন স্থানীয় কমিউনিটি নেতাদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

টাইমস ম্যাগাজিনের বিশ্বসেরা ছবির তালিকায় বাংলাদেশি আসাদের ছবি

নিউজ ডেস্ক

ঋষি সুনাকের দলের ভরাডুবি, এক ধাক্কায় তিনে কনজারভেটিভ

অবৈধ অভিবাসন বন্ধে তুরষ্ক-যুক্তরাজ্যের যৌথ প্রচেষ্টা