ব্রিটেনে আগামী জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুতের দাম ২৬ শতাংশ বাড়ছে। এতে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ পরিবারের বার্ষিক জ্বালানি বিল গড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে পৌঁছাবে। ২০২৩ সালের শুরুর পর এটিই হবে সর্বোচ্চ পর্যায়ের জ্বালানি মূল্যসীমা। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম শীতের সময়ের পর এই প্রথম সাধারণ পরিবারগুলোর বার্ষিক জ্বালানি ব্যয় ২ হাজার পাউন্ড ছাড়াতে যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) ব্রিটেনের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম নতুন মূল্যসীমার ঘোষণা দিয়েছে। বর্তমানে প্রতি তিন মাসের হিসাবে গড় বার্ষিক বিলের পরিমাণ ১ হাজার ৭২৩ পাউন্ড। জানুয়ারি থেকে তা বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ড হবে। অর্থাৎ গ্যাস ও বিদ্যুতের জন্য একটি সাধারণ পরিবারকে বছরে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড গুনতে হবে।
গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বেড়েছে জ্বালানির দাম। জুলাইয়ে মূল্যসীমা ১৩ শতাংশ এবং অক্টোবরে আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছিল। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন একটি সাধারণ পরিবারের দ্বৈত জ্বালানি বিল বছরে প্রায় ৬০০ পাউন্ড বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নির্দিষ্ট দামে জ্বালানি সরবরাহের চুক্তিতে থাকা প্রায় এক-তৃতীয়াংশ পরিবার জানুয়ারির এই মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব থেকে রক্ষা পাবে। অন্যদিকে, পরিবর্তনশীল মূল্যচুক্তিতে থাকা অধিকাংশ পরিবারের ওপর নতুন মূল্যসীমার প্রভাব পড়বে।
অফজেমের মূল্যসীমা বলতে গ্যাস ও বিদ্যুতের প্রতি ইউনিটের জন্য সরবরাহকারীরা সর্বোচ্চ কত দাম নিতে পারবে, তা বোঝায়। এটি পরিবারের মোট বিলের সর্বোচ্চ সীমা নয়। ফলে কোনো পরিবার বেশি জ্বালানি ব্যবহার করলে তাদের বিল আরও বাড়তে পারে।
জ্বালানিমন্ত্রী মিয়াট্টা ফাহনবুল্লাহ বলেন, আবারও জ্বালানির দাম বাড়ায় মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরে বিদেশের সংঘাত এবং জীবাশ্ম জ্বালানির অস্থির বাজারের মূল্য ব্রিটেনের পরিবারগুলোকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাড়তি ব্যয়ের চাপ সামলাতে সরকার আগামী জানুয়ারিতে এককালীন ১০০ পাউন্ড সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কাউন্সিল ট্যাক্সের এ থেকে ডি ব্যান্ডের আওতাভুক্ত প্রায় ২ কোটি পরিবার এই অর্থ পাবে। এর পাশাপাশি ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের প্রায় ৬০ লাখ নিম্ন আয়ের পরিবার শীতকালীন জ্বালানি বিলে ১৫০ পাউন্ড ছাড়ের সুবিধা পাবে। তবে জ্বালানির দাম যে হারে বাড়ছে, তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান কর্নওয়াল ইনসাইটের পূর্বাভাস অনুযায়ী, আগামী এপ্রিলে জ্বালানির মূল্যসীমা মাত্র ১ শতাংশ কমতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান ক্রেইগ লোরি বলেন, এই সামান্য হ্রাসে অধিকাংশ পরিবার তেমন কোনো স্বস্তি পাবে না। মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে ২০২৭ সালের শেষ পর্যন্ত সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল প্রায় ২ হাজার পাউন্ডের কাছাকাছি থাকতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। ইউরোপের প্রধান গ্যাস বাজারে দাম ইতোমধ্যে তিন গুণ বেড়েছে। সরবরাহ সংকটের কারণে শীত শুরুর সময় ইউরোপের গ্যাস মজুতও রেকর্ড নিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস, উপসাগরীয় অঞ্চল থেকে গ্যাস রপ্তানি ব্যাহত হলে শীত শেষ হওয়ার আগেই মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
সরকার গত এক বছরে বিদ্যুতের বিলের কিছু শুল্ক সাধারণ করের আওতায় স্থানান্তর করেছে। এতে বছরে প্রায় ১৫০ পাউন্ড ব্যয় কমেছে। এ ছাড়া ২ কোটি ৯০ লাখ পরিবারের বিদ্যুৎ বিলে ৫ শতাংশ ভ্যাট আরোপ আগামী বছরের জুলাই পর্যন্ত স্থগিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে ট্রেজারি। এতে বছরে আরও প্রায় ৫০ পাউন্ড সাশ্রয় হতে পারে।
পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থের জলবায়ু বিষয়ক প্রচারক ড্যানি গ্রস সরকারকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, দেশীয়ভাবে উৎপাদিত সস্তা ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ালে জীবাশ্ম জ্বালানির আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমবে। এতে দীর্ঘমেয়াদে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।
তবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এখনই কার্যকর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এ জন্য বিশেষ সামাজিক জ্বালানি মূল্যহার চালু এবং বিদ্যুতের বিলের ওপর থাকা অতিরিক্ত শুল্ক সাধারণ করের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন ড্যানি গ্রস।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

