বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি।
বুধবার (২৫ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। তারা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়েছিল একটি সংবাদমাধ্যম। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন পাঠানোর সময় পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টিরও বেশি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছিল। এ ছাড়া চট্টগ্রামে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য আসার আগেই অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে গ্রামীণ ব্যাংক কিংবা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। একই সঙ্গে এসব সহিংসতার জন্য দায়ী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেও চিহ্নিত করেনি যুক্তরাষ্ট্র। দেশটির বক্তব্যে মূলত সব ধরনের সহিংসতা পরিহার, সংযম এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দরিদ্র নারীদের লক্ষ্য করে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
চলতি বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছরও পূর্ণ হয়েছে। এমন একটি সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজরে এসেছে।
যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়ায় বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সহিংসতা বন্ধ, আইন মেনে মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট হয়েছে।
সূত্রঃ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য
এমকে

