ব্রিটেনে সন্তান নিতে চান না—এমন নারীর সংখ্যা গত এক দশকে চার গুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের প্রায় এক-তৃতীয়াংশ জানিয়েছেন, জীবনে কখনো যৌন সম্পর্কে জড়াননি। দেশটির গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় যৌন আচরণবিষয়ক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলসের (ন্যাটসাল) সর্বশেষ জরিপে দেখা গেছে, ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে যারা নিশ্চিতভাবে সন্তান চান না, তাদের হার ১০ বছরে ৪ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণায় আরও বলা হয়েছে, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক-তৃতীয়াংশ কখনো যৌন সম্পর্কে জড়াননি। ১২ বছর আগের জরিপে এই হার ছিল এক-পঞ্চমাংশ। জরিপে অংশ নেওয়া তরুণীদের ৩৮ শতাংশ এবং তরুণদের ২৮ শতাংশ জানিয়েছেন, তারা কখনো যৌন সম্পর্কে লিপ্ত হননি।
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ব্রিটেনের ১৬ থেকে ৫৯ বছর বয়সী ৬ হাজার ৭০০ প্রাপ্তবয়স্কের ওপর এই গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, ৪৫ বছরের কম বয়সীদের যৌন সম্পর্কের গড় হার ১৯৯০ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে তারা মাসে প্রায় দুইবার যৌন সম্পর্কে জড়ান, যেখানে ১৯৯০ সালে এই হার ছিল সপ্তাহে একবার।
২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে যৌন সম্পর্কের হার তুলনামূলক বেশি। এই বয়সী ব্যক্তিরা মাসে গড়ে তিনবার যৌন সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছেন। অন্যদিকে, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে গত এক দশকে মাসিক যৌন সম্পর্কের হার তিনবার থেকে কমে দুইবারে নেমেছে।
গবেষকদের মতে, জন্মহার কমে যাওয়ার ফলে ব্রিটেনে বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়ছে। এতে স্বাস্থ্য ও পরিচর্যা খাতের ওপর চাপ তৈরি হচ্ছে, কমছে কর্মক্ষম জনগোষ্ঠী। দীর্ঘমেয়াদে এসব প্রবণতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারের কর রাজস্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক এবং প্রতিবেদনের অন্যতম লেখক ডা. নেহা পাঠক বলেন, এই প্রবণতার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তবে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জলবায়ু নিয়ে উদ্বেগের মতো বিষয় মানুষের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. লরা ওকলি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু উদ্বেগ কিংবা মানুষের জীবনযাপনের অগ্রাধিকারে পরিবর্তন—কোন বিষয়গুলো এই প্রবণতার পেছনে কাজ করছে, তা বোঝা জরুরি। ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পরিবার পরিকল্পনার নীতি নির্ধারণে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণায় তরুণদের মধ্যে পর্নোগ্রাফি দেখার প্রবণতাও উঠে এসেছে। ১৬ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের ৯০ শতাংশ এবং একই বয়সী নারীদের অর্ধেক গত এক বছরে পর্নোগ্রাফি দেখেছেন। সব বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে পুরুষদের ৮১ শতাংশ এবং নারীদের ৩৭ শতাংশ পর্নোগ্রাফি দেখার কথা জানিয়েছেন।
গবেষকেরা পর্নোগ্রাফি দেখার উচ্চ হার এবং যৌনজীবনের সন্তুষ্টি কমে যাওয়ার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন। তবে পর্নোগ্রাফি দেখার কারণে যৌন সম্পর্ক কমছে, নাকি যৌন সম্পর্কে আগ্রহ কমে যাওয়ার কারণে পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ছে—তা নিশ্চিত করতে পারেননি তারা।
এ ছাড়া ১৬ থেকে ২৪ বছর বয়সীদের অর্ধেক জানিয়েছেন, গত ১২ মাসে তারা মোবাইল ফোনের মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ ছবি পাঠিয়েছেন অথবা পেয়েছেন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক গবেষক কে ওয়েলিংস বলেন, যৌন সম্পর্কের হার কমে যাওয়া এবং সন্তানহীনতা বেড়ে যাওয়ার মধ্যে সরাসরি সম্পর্ক ধরে নেওয়া ঠিক হবে না। যারা সন্তান নিতে চান, তারা গর্ভধারণের জন্য প্রয়োজনীয় হারে যৌন সম্পর্কে জড়ান। তার মতে, এসব প্রবণতা বুঝতে বর্তমান সমাজের বিভিন্ন জটিল বিষয় বিবেচনায় নিতে হবে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডলের ন্যাটসাল গবেষক সোয়াজিগ ক্লিফটন ভবিষ্যতে মানুষের যৌন আচরণ ও সম্পর্কের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তার মতে, এআই সঙ্গী বা ভার্চুয়াল সম্পর্ক মানুষের বাস্তব জীবনের সম্পর্ককে কীভাবে প্রভাবিত করছে, তা ভবিষ্যতের গবেষণায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

