21.6 C
London
September 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধঃ ৭ নেতার মৃত্যুদণ্ড, অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই রায়ে তাদের মধ্যে পাঁচজনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাত আসামিই বর্তমানে পলাতক।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করা হবে। পরে এসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দোলনে নিহত ও আহত ব্যক্তি এবং তাদের পরিবারের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়নি।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামার তথ্যের ভিত্তিতে চার আসামির ঘোষিত সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ওবায়দুল কাদেরের স্থাবর ও অস্থাবর সম্পদের ঘোষিত মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা এবং ঢাকার উত্তরায় পাঁচ কাঠা জমির মূল্য দেখানো হয়েছে প্রায় ৫১ লাখ টাকা।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২৯ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে নগদ অর্থ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা অর্থ, বিভিন্ন কোম্পানির শেয়ার ও বন্ড, সঞ্চয়পত্র, গাড়ি, সোনা ও অন্যান্য সম্পদ রয়েছে। তার স্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।

মোহাম্মদ আলী আরাফাতের নামে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি অ্যাপার্টমেন্টের মূল্য হলফনামায় ২ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে। তার অস্থাবর সম্পদের মধ্যে বিভিন্ন কোম্পানির শেয়ার, সঞ্চয়পত্র, গাড়ি ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এসব অস্থাবর সম্পদের ঘোষিত মূল্য প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা।

মাইনুল হোসেন খান নিখিলের হলফনামায় কৃষি ও অকৃষিজমি, বাড়ি বা অ্যাপার্টমেন্টসহ স্থাবর সম্পদের মূল্য প্রায় ৬৯ লাখ ১৬ হাজার টাকা দেখানো হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ, এফডিআর, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, যানবাহন, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব রয়েছে। প্রতিবেদনে তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

শেখ ফজলে শামস পরশ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ায় তার নির্বাচনী হলফনামার ভিত্তিতে সম্পদের হিসাব পাওয়া যায়নি বলে জানিয়েছে ইত্তেফাক।

এদিকে রায় ঘোষণার প্রায় এক ঘণ্টার মধ্যে ঢাকায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ১৭ আগস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়। গত ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন। চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

সিলেট শহরের রায়নগরে তিনজনকে রাতের অন্ধকারে বাসার ভিতরে গলা কেটে হত্যা

প্রচণ্ড গরমের মধ্যে সিলেটে দিনে এক তৃতীয়াংশ লোডশেডিং

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি কর্নেল অলির