15.1 C
London
June 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘জ্বিন সেজে নিরাময়ের নামে ধর্ষণ’: পূর্ব লন্ডনের ইমামের ১১ বছরের নৃশংসতা

পূর্ব লন্ডনের এক মসজিদের ইমাম আবদুল হালিম খান (৫৪) দীর্ঘ ১১ বছর ধরে সাতজন কিশোরী ও নারীকে যৌন নির্যাতনের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাকে ন্যূনতম ২০ বছর কারাগারে থাকতে হবে। ধর্ষণ, যৌন নির্যাতন ও শিশু নির্যাতনের নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত এই ধর্মগুরু তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে শিকারদের চুপ থাকতে বাধ্য করতেন।

নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে। খান তার শিকারদের ‘জ্বিন’ বা অলৌকিক সত্তা সেজে ‘নিরাময়’ ও ‘মুক্তি দেয়ার’ নামে প্রতারণা করতেন। তিনি মেয়েদের এবং তাদের অভিভাবকদের বোঝাতেন, তারা ‘খারাপ আত্মা’ বা ‘কালো জাদুতে’ আক্রান্ত। একান্ত ফ্ল্যাট বা টিন্টেড জানালার গাড়িতে ডেকে নিয়ে তাদের ওপর নির্যাতন করতেন। নির্যাতনের পর সতর্ক করে দিতেন—কাউকে জানালে ‘চিকিৎসা ব্যর্থ হবে’, ‘অভিশাপ’ বা ‘কালো জাদুর বিপদ’ নেমে আসবে তাদের ও পরিবারের ওপর।

পুলিশ ২০১৮ সালে তার অপরাধের বিষয়ে জানতে পারে, যখন তার কনিষ্ঠ শিকার (মাত্র ১২ বছর বয়সী) স্কুল থেরাপিস্টকে নির্যাতনের কথা জানায়। তবে অভিযোগ গঠনে পাঁচ বছর সময় লেগেছে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষায়িত প্রসিকিউটর মেলিসা গার্নার বলেন, তিনি “এখনও এরকম নির্যাতন দেখেননি।” খান তার শিকারদের “হুমকি প্রদান করে” বিশ্বাস করাতেন যে তিনি অলৌকিক ক্ষমতাবিশিষ্ট।

‘আরিয়া’ (ছদ্মনাম) মাত্র ১৩ বছর বয়সী ছিল যখন তার মা তাকে হালিম খানের কাছে নিয়ে যান। স্কুলে সমস্যায় পড়লে মা মনে করেছিলেন, ইমাম তাকে পরামর্শ দেবেন। আরিয়া বিবিসিকে বলেন, খান তাকে তার গাড়িতে ওঠার নির্দেশ দেন। “সেখানেই তিনি আমার শরীরের অনুচিত জায়গায় হাত দেন। আমি চোখ বন্ধ করেছিলাম এবং তিনি বলেছিলেন গাড়ির জানালায় টোকা দেওয়ার মতো কিছু হবে। আমি সেই টোকা শুনতে পেয়েছিলাম। কিন্তু আমি তখন মাত্র ১৩ বছর বয়সী, ভয়ে কাঁপছিলাম।”

হালিম খান তাকে হুমকি দিয়েছিলেন, নির্যাতনের কথা বললে “তার ও তার পরিবারের সঙ্গে সত্যিই খারাপ কিছু ঘটবে।” আরিয়া বলেন, “আমি সত্যিই বিশ্বাস করতাম যে তার অলৌকিক ক্ষমতা আছে।” বিস্ময়করভাবে, তিনিও একা নন—একই কৌশলে খান আরও ছয়জনকে শিকার করেন।

ফারাহ (ছদ্মনাম) ছোটবেলায় হালিম খানের শিকার হন। তার মাকে বোঝানো হয়েছিল মেয়ের ‘চিকিৎসা’ দরকার। ফারাহ বলেন, খান গল্প বানাতেন—‘আমি দেখতে পাচ্ছি তোমার দিকে কিছু আসছে, আমাকে তোমার মেয়েকে বাঁচাতে হবে।’ তিনি ফারাহকে যৌন নির্যাতন করেন এবং বলেন এটা ‘চিকিৎসার’ অংশ।

ফারাহ কৈশোরের শেষ দিকে বাবা-মাকে এইসব ঘটনা জানান। “আমার পরিবার আমাকে বিশ্বাস করেনি। যাদের কাছ থেকে সুরক্ষা ও সমর্থন আশা করেছিলাম, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, আমাকে দোষারোপ করেছিল এবং আজও তা করে চলেছে,” বলেন ফারাহ। “আমার মনে হয় আমি হারিয়ে গেছি। আমি প্রশ্ন করি—আমি কে? আমার জায়গা কোথায়?”

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যার অধ্যাপক আইশা কে. গিল (বিশেষজ্ঞ সাক্ষী) বলেন, ইসলামি শিক্ষায় কালো জাদু সমর্থিত না হলেও এর ‘উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রভাব’ রয়েছে। “শিকাররা বিশ্বাস করত যে শুধুমাত্র খানই তাদের ও পরিবারকে অলৌকিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।”

তিনি আরও বলেন, মুসলিম নারীদের জন্য যৌন নির্যাতনের কথা বলা গভীর ঝুঁকিপূর্ণ—অনেক নারী পরিবারের বাইরে এসব বিষয় না আলোচনা করতে শেখেন এবং লজ্জা আত্মস্থ করে ফেলেন যা আসলে অপরাধীর হওয়া উচিত।

ফারাহ তার বার্তায় বলেন, “বেঁচে থাকার অর্থ আপনি দুর্বল নন—এটি শক্তির প্রতিফলন।” আরিয়া বলেন, এই মানসিক ও শারীরিক হামলা তার ওপর স্থায়ী প্রভাব ফেলেছে। “কখনও কখনও আমি নিজেকে প্রশ্ন করি, আমি কেমন মানুষ হতাম যদি এই ঘটনাটি আমার সঙ্গে না ঘটত?”

আবদুল হালিম খান এখন যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এই মামলা ধর্মীয় কর্তৃত্ব ও শিশু নির্যাতনের ভয়াবহ এক চিত্র বিশ্বসমক্ষে তুলে ধরেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ব্রিটিশ মুসলমানদের বছরে ২.২ বিলিয়ন পাউন্ড দানের রেকর্ড

ডিটেনশনে থাকা ব্যক্তিদের চিকিৎসা প্রদানে ব্যর্থ হোম অফিস!

অনলাইন ডেস্ক

প্রতিটি প্রাপ্ত বয়স্কের জন্য বুস্টার জ্যাব নিশ্চিত করা হবে: বরিস জনসন

অনলাইন ডেস্ক