মধ্যপ্রাচ্যে আবারও শক্তি সঞ্চয় করছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাক ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমে আসার সুযোগে সংগঠনটি নতুন করে নিজেদের কার্যক্রম পুনর্গঠন করছে। এর ফলে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষণ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আইএসের পুনরুত্থানের সুযোগ তৈরি করেছে। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তাদের কুদস ফোর্সের তৎপরতা বৃদ্ধিও পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।
ডেইলি মিররের হাতে আসা একটি গোয়েন্দা নথিতে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক মাসে যোগাযোগ পর্যবেক্ষণের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও আরব উপদ্বীপজুড়ে আইএসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির প্রমাণ পাওয়া গেছে। সংগঠনটির গোপন সেলগুলো সিরিয়া, ইরাক ও সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়ার সময় এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করার চেষ্টা করছে তারা।
গোয়েন্দা সূত্রের দাবি, ২০১৯ সালে পশ্চিমা সমর্থিত কুর্দি বাহিনীর হাতে পরাজিত হওয়ার পরও আইএস পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। বরং সংগঠনটির সদস্যরা নতুন করে সংগঠিত হচ্ছে। এমনকি সিরিয়ার বর্তমান সরকারের নিরাপত্তা ও সামরিক বাহিনীর মধ্যেও আইএসের সদস্যরা অনুপ্রবেশ করেছে বলে গোয়েন্দা যোগাযোগ থেকে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় আইএসের তৎপরতা পুনরায় বাড়ার পাশাপাশি ইরানের আইআরজিসি ও কুদস ফোর্স যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে নাশকতা, সাইবার হামলা ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠছে।
পশ্চিমা নিরাপত্তা সূত্র ডেইলি মিররকে জানিয়েছে, আইএসের চলাচল ও সাংগঠনিক তৎপরতার সুযোগ বাড়লে পশ্চিমা বিশ্বের জন্য ঝুঁকিও বাড়বে। সংগঠনটি ইউরোপের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের মতাদর্শের পক্ষে হামলা চালাতে উৎসাহিত করতে সক্ষম।
ওই নিরাপত্তা সূত্র আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে অবস্থানরত আইএস সদস্যরা যুক্তরাজ্যে হামলার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। তারা ব্রিটেনে অবস্থানরত উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে হামলার উদ্যোগ নিয়েছিল।
প্রতিবেদনে ইরাকের আনবার প্রদেশে আইএসের নতুন প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে সংগঠনটির সদস্যরা গাড়িবোমা ও প্রচলিত বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান ও চলাচলের পথ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বলে গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে।
এ ছাড়া ইরাকের নিনেভেহ প্রদেশে আল-হোল বন্দিশিবিরকে ঘিরে আইএসের আগ্রহ বাড়ছে। ওই শিবিরে আইএস-সংশ্লিষ্ট বিপুলসংখ্যক বন্দি রয়েছে। তাদের মুক্ত করে সংগঠনের জনবল বাড়ানোর সম্ভাব্য লক্ষ্য থেকে শিবিরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের সন্ত্রাসী তৎপরতা চরমে পৌঁছায়। সে সময় সংগঠনটির সশস্ত্র সদস্যসংখ্যা ৫০ হাজার পর্যন্ত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। রাক্কা ও মসুলকে কেন্দ্র করে বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে তারা হত্যা, নির্যাতন ও শিরশ্ছেদের মতো ভয়াবহ অপরাধ চালায়।
সংগঠনটির হয়ে কাজ করা ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজি, যিনি ‘জিহাদি জন’ নামে পরিচিত ছিলেন, বন্দিদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন। ২০১৫ সালে ড্রোন হামলায় তিনি নিহত হন। তার সঙ্গে যুক্ত পশ্চিম লন্ডনের ‘দ্য বিটলস’ নামে পরিচিত জঙ্গিগোষ্ঠীর সদস্যরাও আইএসের হয়ে ভয়াবহ অপরাধে জড়িত ছিল।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আইএসের পুনর্গঠন এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৎপরতা—এই দুটি পৃথক কিন্তু সমান্তরাল নিরাপত্তা হুমকি পশ্চিমা বিশ্বের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

