TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে গ্যাটউইক বিমানবন্দরে হঠাৎ পানি সংকটঃ টয়লেট অচল ও চা-কফি সরবরাহ বন্ধ

যুক্তরাজ্যের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক বিমানবন্দরে আকস্মিক পানি সরবরাহ সংকটের কারণে যাত্রী ও কর্মীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ – উভয় টার্মিনালেই চলমান পানির সরবরাহ ব্যাহত হওয়ায় টয়লেট ব্যবহার, খাবার প্রস্তুত এবং অন্যান্য দৈনন্দিন সেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রোববার সকালে শুরু হওয়া এ সমস্যার কারণে অনেক যাত্রী অভিযোগ করেন, টয়লেট ফ্লাশ করা যাচ্ছে না এবং বিমানবন্দরের ক্যাফে ও রেস্তোরাঁগুলোতে চা ও কফি পরিবেশনও বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হরলি এলাকায় সৃষ্ট পানি সরবরাহ সমস্যার কারণে বিমানবন্দরের উভয় টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের জন্য বিমানবন্দরজুড়ে বোতলজাত পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পানি সরবরাহকারী প্রতিষ্ঠান SES Water-এর Bough Beech Water Treatment Works-এ একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে গ্যাটউইক বিমানবন্দরসহ আশপাশের বিভিন্ন এলাকায়।

SES Water জানিয়েছে, কেন্ট, সারে, ওয়েস্ট সাসেক্স এবং দক্ষিণ লন্ডনের কিছু এলাকায় পানির চাপ কমে গেছে অথবা সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশেষ করে TN8, TN11 এবং RH1 পোস্টকোড এলাকার বাসিন্দারা এ সমস্যায় আক্রান্ত হয়েছেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রাহকদের কাছে বোতলজাত পানি পৌঁছে দেওয়া হচ্ছে এবং প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, কখন পুরোপুরি পানি সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফলে গ্যাটউইক বিমানবন্দরের কার্যক্রম সচল থাকলেও যাত্রীদের দুর্ভোগ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

সূত্রঃ দ্য মিরর

এম.কে

আরো পড়ুন

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুল পরীক্ষা বাতিল 

অনলাইন ডেস্ক

প্যালেস্টাইন অ্যাকশন অনশনকারীরা হাসপাতালে ভর্তি, তবু যুক্তরাজ্য সরকার অনড় অবস্থানে

প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে হাউজকিপারের পদত্যাগ