31.3 C
London
August 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দুর্বল আপিল দ্রুত নিষ্পত্তি করবে হোম অফিসঃ ব্যর্থ হলে যুক্তরাজ্য ছাড়তে হবে

যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করার অংশ হিসেবে সফল হওয়ার সম্ভাবনা কম এমন আপিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হোম অফিস জানিয়েছে, দুর্বল বা ভিত্তিহীন আপিল দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে না রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশত্যাগ ও অপসারণ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।

হোম অফিস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, যেসব মামলার সফল হওয়ার সম্ভাবনা খুবই কম, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হবে। এর ফলে অভিবাসন মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।

হোম অফিস আরও স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্যক্তি যদি তার আপিলে ব্যর্থ হন, তাহলে তাকে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশত্যাগ না করলে তাকে বাধ্যতামূলকভাবে অপসারণ করা হবে।

সরকারের এই অবস্থানকে অবৈধ অভিবাসন কমানো এবং অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ জোরদারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিপুলসংখ্যক আশ্রয় আবেদন ও অভিবাসন-সংক্রান্ত আপিল জমে থাকায় সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ বিলম্ব তৈরি হয়েছে। সেই জট কমাতেই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই নীতির ফলে দুর্বল মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি সম্ভব হলেও আবেদনকারীদের জন্য আপিল প্রক্রিয়ায় যথাযথ আইনি প্রস্তুতি ও প্রমাণ উপস্থাপনের গুরুত্ব আরও বেড়ে যাবে। কারণ একবার আপিল খারিজ হয়ে গেলে যুক্তরাজ্যে থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে পড়বে।

হোম অফিসের ঘোষণার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, যেসব ব্যক্তি যুক্তরাজ্যে থাকার বৈধ অধিকার প্রমাণ করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে দ্রুত দেশত্যাগ বা অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ইউরোপ সফরে আর অপেক্ষার ভোগান্তি নয় ব্রিটিশ পর্যটকদের

নিউজ ডেস্ক

দীর্ঘমেয়াদে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়ছে ইইউ-যুক্তরাজ্য বাণিজ্যে

ব্রিটেনে গর্ভবতী মা ও সন্তানের যত্নে বাংলা অ্যাপ