10.7 C
London
March 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পূর্ণিমার চাঁদেই নির্ধারিত ইস্টারের তারিখঃ যুক্তরাজ্যে ২ এপ্রিল পিংক মুন, ৫ এপ্রিল উৎসব

এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদ, যা ‘পিংক মুন’ নামে পরিচিত, খুব শিগগিরই যুক্তরাজ্যের আকাশে দৃশ্যমান হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় ক্যালেন্ডারের দিক থেকে এই পূর্ণিমা বিশেষ গুরুত্ব বহন করে।

উত্তর আমেরিকার আদিবাসীদের দেওয়া নাম অনুযায়ী, বসন্তকালে ফুটতে শুরু করা একটি বুনো ফুলের নাম থেকেই ‘পিংক মুন’ নামটির উৎপত্তি। যদিও নামের সঙ্গে মিল থাকলেও, চাঁদটি বাস্তবে গোলাপি রঙের দেখা যাবে না। একে আরও ‘স্প্রাউটিং গ্রাস মুন’, ‘এগ মুন’ এবং ‘ফিশ মুন’ নামেও ডাকা হয়।

বিবিসি ওয়েদার জানিয়েছে, বুধবার ১ এপ্রিল সন্ধ্যায় চাঁদটি দিগন্তের নিচু অংশে উঠবে। এ সময় এটি গোলাপি নয়, বরং কমলা আভাযুক্ত দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, চাঁদের আলো পৃথিবীর ঘন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় নীল ও বেগুনি আলোর বিচ্ছুরণ ঘটে এবং লালচে রঙের আলো আমাদের চোখে বেশি পৌঁছে।

এই পিংক মুন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে বৃহস্পতিবার ২ এপ্রিল ভোর ৩টা ১২ মিনিটে।
তবে আবহাওয়ার কারণে চাঁদ দেখায় কিছুটা বাধা আসতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার কারণে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, ফলে সেখানকার মানুষদের জন্য চাঁদ দেখার সুযোগ বেশি থাকবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, বছরে সাধারণত ১২টি পূর্ণিমা ঘটে, যা প্রায় প্রতি ২৯.৫ দিনে একবার হয়—এটাই চাঁদের পূর্ণ একটি চক্র সম্পন্ন করার সময়কাল।

এই পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধর্মীয় উৎসব নির্ধারণে এর ভূমিকা। খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টারের তারিখ নির্ধারণ করা হয় বসন্ত বিষুবের পর প্রথম পূর্ণিমার ভিত্তিতে। সাধারণ নিয়ম অনুযায়ী, ওই পূর্ণিমার পরবর্তী রবিবারে ইস্টার উদযাপিত হয়।

২০২৬ সালে বসন্ত বিষুব ঘটে ২০ মার্চে। তবে ধর্মীয় হিসাব সহজ করতে চার্চ ২১ মার্চকে স্থির তারিখ হিসেবে ধরে। সেই হিসেবে ২১ মার্চের পর প্রথম পূর্ণিমা হচ্ছে ২ এপ্রিলের পিংক মুন। ফলে এর পরবর্তী রবিবার, অর্থাৎ ৫ এপ্রিল ইস্টার উদযাপিত হবে।

উল্লেখ্য, যদি কোনো বছরে পূর্ণিমা নিজেই রবিবারে পড়ে, তাহলে ইস্টার তার পরবর্তী রবিবারে পালিত হয়।
পিংক মুনের পর আগামী মে মাসে আকাশে দেখা যাবে আরেকটি পূর্ণিমা, যার নাম ‘ফ্লাওয়ার মুন’।

সূত্রঃ দ্য অল্ডহ্যাম টাইমস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের প্রথম নিরাপদ মাদক সেবন কেন্দ্র চালু

ভ্যাকসিন নেওয়া ব্যক্তির মাধ্যমেও করোনা ছড়াতে পারে: ব্রিটিশ চিকিৎসাবিদ

ব্রিটিশ-বাংলাদেশিদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন নদিয়া হুসেন