TV3 BANGLA
আন্তর্জাতিক

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা ইরানের

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) দেশটির পূর্বাঞ্চলে ইরানি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, ইরানশাহরে নিজেদের সেনা হত্যার প্রতিশোধ নিতে তারা সিরিয়ার আল-তানফে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এদিকে সিরিয়ার একটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরান আল-তানফের কাছে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু তা মূল ঘাঁটিতে আঘাত করেনি। ওই সূত্রের দাবি, এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া, জর্ডান ও ইরাকের সংযোগস্থলে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থেকে যথাসম্ভব নিজেদের দূরে রাখার চেষ্টা করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত মার্চে লন্ডনের চ্যাথাম হাউস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে বলেছিলেন, নিজেদের ভূখণ্ড আক্রান্ত না হওয়া পর্যন্ত তারা কোনও সংঘাতের অংশ হবে না। তিনি স্পষ্ট করে বলেন, ‘যদি কোনও পক্ষ সিরিয়াকে লক্ষ্যবস্তু না করে, তবে সিরিয়া যেকোনও সংঘাতের বাইরে থাকবে।’

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান : কমলা ৬১, ট্রাম্প ৩১!

গোল্ড কার্ড চালুর ঘোষণা ট্রাম্পের, ৫ মিলিয়ন ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব

ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬