বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর হাতে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আমন্ত্রণপত্রে বাংলাদেশ ও সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রত্যাশা পূরণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সফরের গুরুত্ব তুলে ধরা হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহও এতে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার ভিত্তিতে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
সচিবালয়ের ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান ইতোমধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। সৌদি আরব সফর হলে সেটি তার পরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

