TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের হাসপাতালে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিসের সংক্রমণঃ দর্শনার্থীদের সতর্ক থাকার পরামর্শ

ব্রিটেনের ওয়েলসের সোয়ানসিতে মরিস্টন হাসপাতালে অত্যন্ত সংক্রামক চর্মরোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাবের পর দর্শনার্থীদের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অল্পসংখ্যক রোগীর শরীরে এই পরজীবী সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোয়ানসি বে ইউনিভার্সিটি হেলথ বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, আক্রান্ত রোগীদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি রোগী, হাসপাতালের কর্মী ও স্বজনদের প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু দর্শনার্থী বিধিনিষেধও কার্যকর রয়েছে।

স্ক্যাবিস মূলত আট পা-যুক্ত ক্ষুদ্র পরজীবী মাইটের কারণে হয়। এই পরজীবী ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে। ফলে ত্বকে লালচে, দাগযুক্ত এবং তীব্র চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা দেয়। কনুই, হাঁটু, হাত ও পায়ের পাশাপাশি বগল, কোমর, কুঁচকি এবং নিতম্বেও এই ফুসকুড়ি ছড়িয়ে পড়তে পারে।

লন্ডনভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ফিরাস আল-নাইমি বলেছেন, স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে শুরুতেই রোগটি শনাক্ত করা জরুরি।

ওয়েলসের আরও কয়েকটি হাসপাতালেও সাম্প্রতিক সময়ে স্ক্যাবিস সংক্রমণের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে কারমার্থেনের গ্লাংউইলি হাসপাতালের ক্যাডগ ও ডিউই ওয়ার্ডে সংক্রমণের কারণে দর্শনার্থী প্রবেশ এবং নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়। একই কারণে প্রিন্স ফিলিপ হাসপাতালের একাধিক ওয়ার্ডও বন্ধ করা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস জানিয়েছে, সংক্রমণের লক্ষণ দেখা দিতে কখনো কখনো আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সাধারণত আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ত্বকের সরাসরি সংস্পর্শে এলে রোগটি ছড়ায়।

এনএইচএসের পরামর্শ অনুযায়ী, চিকিৎসা শুরুর প্রথম দিনেই ঘরের বিছানার চাদর, কাপড়চোপড় ও তোয়ালে অন্তত ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধুতে হবে। যেসব কাপড় ধোয়া সম্ভব নয়, সেগুলো অন্তত তিন দিন সিল করা ব্যাগে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ এবং কাপড়, বিছানা বা তোয়ালে ভাগাভাগি করা থেকে বিরত থাকতে হবে।

চিকিৎসার জন্য ফার্মাসিস্টের পরামর্শে শরীরে ব্যবহারের ক্রিম বা লোশন নেওয়া যায়। সাধারণত প্রথমবার ব্যবহারের সাত দিন পর আবার চিকিৎসা নিতে হয়। পরিবারের একজনের সংক্রমণ হলে অন্য সদস্যদেরও একই সময়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও তাদের শরীরে লক্ষণ নাও দেখা যায়।

চিকিৎসা শুরুর পর প্রথম ২৪ ঘণ্টা অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। পাঁচ বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্করা চিকিৎসা শুরু করার পর কাজে বা স্কুলে ফিরতে পারেন। তবে দুই বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে ফার্মেসির ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

এনএইচএস’কে সহায়তায় পরিবারগুলোকে ভূমিকা পালন করতে হবে: স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক

লন্ডনকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে গড়তে চান মেয়র সাদিক খান

উইন্ডসর ক্যাসেলে আজান, লন্ডনে রাজকীয় ইফতারঃ ব্রিটেনে রমজানের নতুন অধ্যায়