TV3 BANGLA
আন্তর্জাতিক

‘ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি’—হুঁশিয়ারি পুতিনের

ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি বলেছেন, রাশিয়া ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চায় না। এমন যুদ্ধ শুরু হলে তাতে কেউ বিজয়ী হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মস্কোতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। রাশিয়া-আফ্রিকা সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুতিন বলেন, ২০৩০ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া নিয়ে অনেকেই আলোচনা করছেন। রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও ইউরোপের সঙ্গে সংঘাত চায় না। ইউরোপ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে। তবে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি। ২০৩০ সালের মধ্যেও এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না।

রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, “রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ হলে কোনো বিজয়ী থাকবে না।”

সংবাদ সম্মেলনে পুতিন আরও জানান, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে তার কথা হয়েছে। ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের যেকোনো উদ্যোগকে স্বাগত জানান তিনি। তবে স্ক্যান্ডিনেভীয় দেশ দুটির নেতার সঙ্গে আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি রুশ প্রেসিডেন্ট।

এদিকে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ববর্তী মূল্যায়নে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ন্যাটো জোটের বিরুদ্ধে হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা অর্জন করতে পারে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংও সম্প্রতি দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে স্ট্রিটিং বলেন, যুক্তরাজ্যকে মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধ করার এবং জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে, সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে হলে আগেই প্রস্তুতি নিতে হবে এবং প্রতিপক্ষকে হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবতে বাধ্য করার মতো সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে।

পুতিন আরও বলেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পাওয়া শিক্ষা রাশিয়া মনে রেখেছে। একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে মস্কো সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ৫ অভিবাসী নিহত

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ ঘোষণা

হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব

নিউজ ডেস্ক