ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে বোমা আতঙ্ককে কেন্দ্র করে জরুরি নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক দ্রুতগতির রেলসেবা ইউরোস্টারে। বিশেষ করে লন্ডন থেকে প্যারিসগামী কয়েকটি ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) ফ্রান্সের কালাই-ফ্রেথুন (Calais-Fréthun) রেলস্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশনটি ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত এবং যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ পথের অংশ।
পরিস্থিতির কারণে ফরাসি কর্তৃপক্ষের নির্দেশে কালাই-ফ্রেথুন স্টেশন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক রেল যোগাযোগেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ইউরোস্টার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে বর্তমানে ট্রেনগুলো কালাই-ফ্রেথুন স্টেশন অতিক্রম করতে পারছে না। এর ফলে লন্ডন থেকে যাওয়া এবং লন্ডনমুখী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বিলম্ব হচ্ছে।
ঘটনার পর যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে লন্ডন ও প্যারিসের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা সময়সূচির পরিবর্তন ও সম্ভাব্য দীর্ঘ বিলম্বের মুখে পড়েছেন।
তবে স্টেশনে ঠিক কী ধরনের সন্দেহজনক বস্তু বা হুমকি শনাক্ত করা হয়েছে, কোনো বিস্ফোরক উদ্ধার হয়েছে কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না—এসব বিষয়ে ডেইলি মিররের প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে, সে সম্পর্কেও নির্দিষ্ট সময় জানায়নি ইউরোস্টার।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

