TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আশ্রয় চাইতে অনিয়মিত পথে প্রবেশ অপরাধ নয়ঃ ইউরোপীয় কাউন্সিল

আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে অনিয়মিত পথে কোনো দেশে প্রবেশ করাকে নিজে থেকে বেআইনি কাজ হিসেবে গণ্য করা যাবে না। এ কারণে কাউকে আটক করারও সুযোগ নেই। অভিবাসী, আশ্রয়প্রার্থী ও বিদেশি নাগরিকদের আটকসংক্রান্ত নতুন মানবাধিকার নির্দেশনায় এ অবস্থান তুলে ধরেছে ইউরোপীয় কাউন্সিলের নির্যাতন প্রতিরোধ কমিটি (সিপিটি)।

গত সপ্তাহে প্রকাশিত ৪২ পৃষ্ঠার এই নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসন আইনের আওতায় কাউকে আটক করা হবে একেবারে শেষ পদক্ষেপ হিসেবে। আটক কোনো শাস্তিমূলক ব্যবস্থা হতে পারবে না এবং পুরো প্রক্রিয়ার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ইউরোপীয় কাউন্সিলের সদস্য দেশগুলোতে ৩৬ বছরের বেশি সময় ধরে পরিচালিত পর্যবেক্ষণ ও পরিদর্শনের অভিজ্ঞতার ভিত্তিতে নির্দেশনাটি তৈরি করা হয়েছে। এতে আটক ব্যক্তিদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসা, কর্মীদের আচরণ, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা, আত্মহত্যা ও আত্মক্ষতি প্রতিরোধ, অভিযোগ জানানোর ব্যবস্থা এবং স্বাধীন পর্যবেক্ষণসহ ১৩টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তিকে আটক করার বৈধ কারণ পাওয়া গেলেও প্রথমে আটকের বিকল্প ব্যবস্থা বিবেচনা করতে হবে। এর মধ্যে রয়েছে কমিউনিটির তত্ত্বাবধানে রাখা, নিয়মিত কর্তৃপক্ষের কাছে হাজিরা দেওয়া কিংবা নির্দিষ্ট ঠিকানায় বসবাসের শর্ত আরোপ। বিশেষ করে শারীরিক বা মানসিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এসব বিকল্পকে অগ্রাধিকার দিতে হবে।

আশ্রয়প্রার্থীদের আটকের ক্ষেত্রে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছে কমিটি। আন্তর্জাতিক শরণার্থী আইনের আওতায় আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার উদ্দেশ্যে অনিয়মিত পথে প্রবেশ নিজে থেকে বেআইনি নয় এবং এটি আটকের কারণ হতে পারে না। কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীকে আটক করা হলে তার পেছনের কারণ বিস্তারিতভাবে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের অন্য বিদেশি বন্দিদের থেকে আলাদা রাখার সুপারিশ করা হয়েছে।

আটক ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আটক বা অপসারণসংক্রান্ত সিদ্ধান্ত লিখিতভাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যে ভাষা বোঝেন, সেই ভাষায় জানাতে হবে। সিদ্ধান্ত গ্রহণের আগে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ, দোভাষীর সহায়তা, লিখিত কারণ জানার অধিকার এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকতে হবে।

আটক হওয়ার শুরু থেকেই আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার থাকবে এবং আটকের পুরো সময়জুড়ে তা কার্যকর রাখতে হবে। যাদের ব্যক্তিগত আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, তাদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। আইনজীবীর সঙ্গে গোপনীয়ভাবে যোগাযোগ, প্রয়োজনীয় নথি পর্যালোচনা এবং সরকারি সাক্ষাৎকারের সময় আইনজীবীর উপস্থিতির সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া মোবাইল ফোন, টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করে আইনজীবীর সঙ্গে যোগাযোগে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে কমিটি।

ইউরোপীয় কাউন্সিলের নির্যাতন প্রতিরোধ কমিটি বলেছে, রাষ্ট্রের সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসননীতি নির্ধারণের অধিকার রয়েছে। তবে তা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োগ করতে হবে। নির্যাতন, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করার নীতি এবং কাউকে এমন দেশে ফেরত না পাঠানোর নীতি মানতে হবে, যেখানে তার নির্যাতন বা গুরুতর ক্ষতির ঝুঁকি রয়েছে।

কমিটি আরও জানিয়েছে, তাদের বিভিন্ন পরিদর্শনে অভিবাসন আটককেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়, অনুপযুক্ত পরিবেশ, নিম্নমানের সুযোগ-সুবিধা, দীর্ঘ সময় আটক রাখা এবং কঠোর বিধিনিষেধের মতো সমস্যা বারবার উঠে এসেছে। নতুন নির্দেশনার লক্ষ্য হলো এসব পরিস্থিতি প্রতিরোধ করা এবং আটক বিদেশি নাগরিকদের মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করা।

সূত্রঃ ইলেকট্রনিক ইমিগ্রেশন নেটওয়ার্ক

এমকে

আরো পড়ুন

ইইউর ‘মেড ইন ইউরোপ’ আইনে যুক্তরাজ্যকে বাদ দিতে চায় ফ্রান্সঃ বাড়ছে ইউরোপে মতভেদ

নিউজ ডেস্ক

সন্ধ্যা ৭টার পর জানালা বন্ধ রাখুনঃ ব্রিটেনজুড়ে পরিবারগুলোকে সতর্কবার্তা

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম

নিউজ ডেস্ক