TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে ছুরিকাঘাতে শাশুড়ি নিহতঃ মৃত্যুর সঙ্গে লড়ছেন ২০ বছরের পুত্রবধূ

ব্রিটেনের ব্র্যাডফোর্ডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে তাহিরা হুসাইন (৪৬) নামে দুই সন্তানের এক মা নিহত হয়েছেন। একই ঘটনায় তার ২০ বছর বয়সী পুত্রবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ব্র্যাডফোর্ডের ক্যার বটম রোডের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তাহিরা হুসাইন নিহত হন। তার পুত্রবধূর মুখেও ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে লিডসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার সন্দেহে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কাউকে তারা খুঁজছেন না।

নিহত তাহিরার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার এক আত্মীয় ৭১ বছর বয়সী আহমেদ হানিয়া বলেন, এই ঘটনা পরিবারের জন্য ভয়াবহ ধাক্কা। তাহিরা সম্প্রতি পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন পর সেখানে থাকা তার দুই ভাইয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন তিনি।

আহমেদ হানিয়া জানান, মৃত্যুর আগের দিন তাহিরা পাকিস্তান যাওয়ার ভিসাসংক্রান্ত কাজে লিডসে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল। এমন ঘটনায় সবাই ভেঙে পড়েছেন।

স্থানীয় ক্যাফে ব্যবসায়ী ৪৩ বছর বয়সী সামিরান হানিয়াও তাহিরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, তাহিরা খুব ভালো মানুষ ছিলেন। তার পুত্রবধূও অত্যন্ত ভালো মেয়ে। পুরো এলাকার মানুষ এই ঘটনায় হতবাক ও শোকাহত।

এদিকে ঘটনার পর বাড়িটির সামনে ফুলের তোড়া রেখে নিহতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মসজিদে তাহিরাকে স্মরণে পরিবারের সদস্য ও বন্ধুস্বজনেরা এক স্মরণসভায় অংশ নেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার দিকে সশস্ত্র পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পরে বাড়িটির ভেতরে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাহিরাকে মৃত ঘোষণা করা হয় এবং তার পুত্রবধূকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা মাইকেল কক্স বলেন, ব্র্যাডফোর্ডের এই ঘটনায় একজন নারী প্রাণ হারিয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্তে প্রয়োজনীয় সব ধরনের পুলিশি সম্পদ নিয়োগ করা হয়েছে।

 

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সহায়তা দিতে বিশেষজ্ঞ কর্মকর্তারা কাজ করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্সে বড় পরিবর্তনের ইঙ্গিতঃ ‘সামনে কঠিন সিদ্ধান্ত’— জানালেন অ্যান্ডি বার্নহ্যাম

সাদিক খানের ওপর ডোনাল্ড ট্রাম্পের শরিয়া আইন সম্পর্কিত আক্রমণ লেবার এমপিদের ক্ষুব্ধ করেছে।

নিউজ ডেস্ক

ইংল্যান্ডের প্রতিটি কাউন্সিলে চালু হচ্ছে ‘ফ্যামিলি হাব’, সহায়তা পাবে ৫ লাখ শিশু