21.1 C
London
August 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

বরফের দেশে বছরে ৫০ লাখ টাকার চাকরিঃ অ্যান্টার্কটিকায় কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা

মাইনাস তাপমাত্রা, বছরের প্রায় ছয় মাস সূর্যের আলোহীন জীবন আর চারদিকে শুধু বরফ—এই চরম পরিবেশেই কাজের সুযোগ দিচ্ছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (British Antarctic Survey)। 

সংস্থাটি অ্যান্টার্কটিকায় অবস্থিত তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বার্ষিক বেতন শুরু হচ্ছে ৩০ হাজার ২৪৪ পাউন্ড থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান।
এই চাকরিগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো—বেতনের পাশাপাশি কর্মীদের থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কর্মীদের কোনো ধরনের ব্যক্তিগত খরচ বহন করতে হবে না।
বর্তমানে শেফ, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, প্ল্যান্ট অপারেটর, বোটিং অফিসার, আবহাওয়া পর্যবেক্ষক, ফিল্ড গাইড, ফিল্ড কো-অর্ডিনেটর, রেডিও অপারেটর, স্টেশন সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, মেরিন অপারেটর, মেরিন বায়োলজিস্টসহ একাধিক পদে আবেদন নেওয়া হচ্ছে।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার ও প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অ্যান্টার্কটিকায় কাজ মানেই চরম চ্যালেঞ্জ। বছরের প্রায় ছয় মাস সূর্যের আলো থাকে না, চারদিকে থাকে অন্ধকার, বরফ ও তীব্র তুষারঝড়। কখনো কখনো তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই পরিবেশে টিকে থাকাই একটি বড় পরীক্ষা।
রথেরা গবেষণা স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, একটি ছোট সমাজ পরিচালনার জন্য যেমন একজন শেফ দরকার, তেমনি দরকার মেকানিক, কারিগর ও প্রকৌশলী। তার ভাষায়, “আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু তারা কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গাগুলোর একটিতে।”
এই চাকরিগুলোর চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। এখানে টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগতভাবে মানিয়ে নেওয়ার মানসিকতা। হ্যালি-৬ গবেষণা স্টেশনে ছয় বছর ধরে কাজ করা ফিল কুলম্যান বলেন, “এটা শুধু একটি স্টেশন নয়—এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের পরিবার।”
চরম শীত সহ্য করার সাহস, অভিযোজন ক্ষমতা এবং অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ যাদের আছে, তাদের জন্য এই চাকরি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
🔗 আবেদন ও বিস্তারিত তথ্য:
সূত্রঃ ডেইলি মেইল
এম.কে

আরো পড়ুন

খাদ্য নিরাপত্তা ভঙ্গঃ পচা মাংস বিক্রির ষড়যন্ত্রে লন্ডনে দুই ব্যবসায়ীর জেল

আফগানিস্তানে সরকার গঠনে তালেবানকে সুযোগ দেয়া উচিত: ব্রিটিশ সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

জাতিগত বৈষম্য মোকাবেলায় সরকারের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক