8.7 C
London
October 8, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

বাংলাদেশিদের জন্য চিভেনিং স্কলারশিপের আবেদন শুরু, যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ

যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চিভেনিং স্কলারশিপ (Chevening Scholarship)–এর নতুন শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতাদের জন্য এই সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

 

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, যারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ অগ্রাধিকারমূলক বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে নেতৃত্ব দিতে আগ্রহী, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষা, সুশাসন, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য, গণমাধ্যম, আইন, কূটনীতি এবং জননীতি সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের সম্ভাবনা রয়েছে—এমন ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

চিভেনিং স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সম্পূর্ণ টিউশন ফি, আন্তর্জাতিক যাতায়াতের বিমান ভাড়া, মাসিক জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পান। পাশাপাশি তারা যুক্তরাজ্যে অবস্থানকালে বিভিন্ন একাডেমিক, পেশাগত ও নেতৃত্ব উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ লাভ করেন।

এছাড়া চিভেনিং স্কলাররা বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের সাবেক ও বর্তমান স্কলারদের একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের সদস্য হওয়ার সুযোগ পান। এই নেটওয়ার্কের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা, পেশাগত যোগাযোগ এবং নেতৃত্ব বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হয়।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, আবেদনকারীরা নিজেদের যোগ্যতা যাচাই এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য চিভেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

 

আবেদনের শেষ সময় আগামী মঙ্গলবার, ৬ অক্টোবর, ইউটিসি (UTC) সময় সকাল ১১টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

চিভেনিং স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি হিসেবে পরিচিত। প্রতিবছর বাংলাদেশ থেকেও বিভিন্ন পেশার মেধাবী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা এই স্কলারশিপ অর্জন করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান এবং দেশে ফিরে সরকারি, বেসরকারি, উন্নয়ন ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সূত্রঃ ইউকে ইন বাংলাদেশ

এম.কে

আরো পড়ুন

হাউস অব লর্ডসে যাচ্ছেন সাদিক খানঃ বিদায়ের আগে বড় সিদ্ধান্ত স্টারমারের

সিলেট বিএনপিতে দুই বলয়ের টানাপোড়েনঃ নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে অস্বস্তি

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ