TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে শীতে বিল কমাতে বিশেষজ্ঞের ৫ পরামর্শঃ রেডিয়েটরের সামনে আসবাবপত্র রাখা যাবে না

ব্রিটেনের পরিবারগুলোকে শীতের আগে ঘরের সোফাসহ বিভিন্ন আসবাবপত্র রেডিয়েটর থেকে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রেডিয়েটরের সামনে সোফা বা বড় আসবাবপত্র থাকলে ঘরের মধ্যে তাপ ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি হয়। ফলে ঘর গরম রাখতে হিটিং ব্যবস্থা বেশি সময় চালাতে হতে পারে, যা বাড়িয়ে দিতে পারে বিদ্যুৎ ও গ্যাসের বিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জ্বালানি সরবরাহ ও বিতরণকারী প্রতিষ্ঠান ‘ইওর এনআরজি’র মুখপাত্র গর্ডন ওয়ালিস বলেন, শীতকালে ঘর গরম রাখার খরচ নিয়ন্ত্রণে রাখতে পরিবারের সদস্যরা ঘরেই কিছু সহজ পরিবর্তন আনতে পারেন। এর মধ্যে রয়েছে রেডিয়েটরের সামনে থেকে আসবাবপত্র সরিয়ে রাখা, জানালা ও দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ বন্ধ করা এবং হিটিং নিয়ন্ত্রণব্যবস্থা সঠিকভাবে ব্যবহার করা।

তিনি বলেন, এসব ছোট পদক্ষেপ অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি পরিবারের বর্তমান জ্বালানি চুক্তি বা সরবরাহ চুক্তি পর্যালোচনা করা এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্যতা যাচাই করাও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, শীতের আগে ঘরের তাপ ধরে রাখার ব্যবস্থা করা গেলে অপ্রয়োজনীয় জ্বালানি খরচ এড়ানো সম্ভব। বিশেষ করে রেডিয়েটরের সামনে সোফা, চেয়ার কিংবা ভারী পর্দা থাকলে সেগুলো সরিয়ে রাখা উচিত।

এদিকে আগামী বছরের জানুয়ারিতে ব্রিটেনে জ্বালানির মূল্যসীমা বা এনার্জি প্রাইস ক্যাপ ২৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চলতি বছর জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা জীবনযাত্রার ব্যয় সংকটকে আরও গভীর করেছে।

এমন পরিস্থিতিতে কয়েক দিন আগে ২০২৬ সালের বাজেটে জ্বালানি বিলের চাপ সামলাতে প্রায় ২ কোটি পরিবারকে ১০০ পাউন্ড করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইংল্যান্ডে কাউন্সিল ট্যাক্সের এ থেকে ডি ব্যান্ডের অন্তর্ভুক্ত পরিবারগুলো এ অর্থ পাবে। আগামী জানুয়ারি থেকে এ অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্কটল্যান্ড ও ওয়েলসও নিজস্ব সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা নিশ্চিত করেছে। তবে উত্তর আয়ারল্যান্ডে এ অর্থ বিতরণের আগে স্থানীয় সরকারের বাজেট নিয়ে সমঝোতা প্রয়োজন বলে জানিয়েছেন উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট।

বাজেটে বিদ্যুতের ওপর ভ্যাট কমানোর সুবিধা জুলাই পর্যন্ত বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে গ্যাস বিলের স্ট্যান্ডিং চার্জ বা নির্দিষ্ট দৈনিক সংযোগ খরচ বাতিল করার পরিকল্পনা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ১০০ পাউন্ডের সহায়তা পুরো শীতের জ্বালানি ব্যয় মেটানোর জন্য নয়; বরং এটি অতিরিক্ত আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে। তাই ঘরে জ্বালানির অপচয় কমানোর পাশাপাশি সরকারি সহায়তার সুযোগগুলোও যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

বিস্তৃত হচ্ছে যুক্তরাজ্য-জিসিসি বাণিজ্য সম্পর্ক

লন্ডনে ইন্টারনেটের গতি এতো ধীর কেন?

নিউজ ডেস্ক

ভিসা’র(CAS) কোটা শেষ হয়ে যাওয়ায় ইউসিএলে ভর্তি সংকট, বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা